বিরোধীদলীয় নেতা
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বৈঠক পরিচালনা করেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। একই সঙ্গে জামায়াতও বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য কাজ চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, দুনিয়া নয়, আখিরাতই তাঁদের প্রধান লক্ষ্য। তাই প্রতিদিনের জীবন ও সংগঠনের সব কাজে এ বিষয়টির প্রতিফলন থাকতে হবে। জীবন পরিচালনায় নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ ধারণ করতে হবে। সংগঠনের দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে হবে।
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেন জামায়াতের আমির। এসব ঘটনা নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য হতাশাজনক বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি বা সন্ত্রাসের জায়গা না হয়, তা নিশ্চিত করতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন সময়ের দাবি।
তিনি বলেন, সংসদে জামায়াত একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দলটির অবস্থান অটুট থাকবে।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জনগণ জানতে চায়। এসব বিষয়ে সংসদে আলোচনার জন্য তাঁরা ইতোমধ্যে নোটিশ দিয়েছেন। সংসদে এসব নোটিশের জবাব না পেলে জনগণের কাছে বিষয়গুলো তুলে ধরতে হবে।
এ জন্য দলের দায়িত্বশীলদের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে দেশ ও জাতির সেবায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
বৈঠকে বার্ষিক পরিকল্পনা-২০২৭, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

