EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া নেওয়ার ঘটনা আর ঘটবে না: আইনমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া নেওয়ার ঘটনা আর ঘটবে না: আইনমন্ত্রী
অ অ

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ার ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।

রবিবার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন তাহসিনা রুশদীর লুনা। তিনি গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী।

লুনা বলেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জিয়াউল আহসানের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। গত বৃহস্পতিবার জেরার জন্য তাকে আদালতে নেওয়া হয়। এ সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। আর পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তারা তাকে প্রটোকল দিচ্ছেন।

লুনা বলেন, এ ধরনের অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়াই আদালতে নেওয়া হয়েছে। তিনি হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন—এমন পরিস্থিতিতেও তাকে হাতকড়া পরানো হয়নি। বিষয়টি তাকে মর্মাহত করেছে। তার মতো আরও অনেক পরিবার এ ঘটনায় উদ্বিগ্ন ও আতঙ্কিত।

সরকার জিয়াউল আহসানের প্রতি বিশেষ মানবিকতা দেখাচ্ছে, নাকি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না—এ বিষয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান তিনি।

এ সময় স্পিকার বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের পর্যায়ে পড়ে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করায় আইনমন্ত্রী চাইলে এর জবাব দিতে পারেন অথবা নোটিশ চাইতে পারেন।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি তার নজরেও এসেছে। তবে কোনো আসামিকে আদালতে নেওয়ার বিষয়টি আইনমন্ত্রীর এখতিয়ারের মধ্যে পড়ে না। তারপরও বিষয়টি সরকারের নজরে আসার পর পরবর্তী সময়ে তাকে আদালতে নেওয়ার ক্ষেত্রে একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে। আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সরকার নিশ্চয়তা দিচ্ছে।

আইনমন্ত্রী আরও বলেন, বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব আসামিকে হাজির করা হচ্ছে, তাদের বিরুদ্ধে থাকা সব সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র আদালতে উপস্থাপন করা হচ্ছে। ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করেই বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিগত ১৬-১৭ বছরে দেশে যত গুম, খুন ও গায়েবি মামলা হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যত মানুষ নিহত, পঙ্গু হয়েছেন কিংবা চোখ, হাত ও অন্যান্য অঙ্গ হারিয়েছেন, প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করবে। সংসদে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আইনমন্ত্রী আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে জানিয়েছিলেন, গত ১৬ বছরে এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে দল পাঠানো হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা ও চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এসব দল কাজ করবে।

এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তদন্ত কর্মকর্তারা জেলায় জেলায় গেলে তাদের সহযোগিতা করতে হবে। সংশ্লিষ্ট এলাকার পুলিশ, বিডিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা কিংবা রাজনৈতিক কর্মীদের ইন্ধন, সহযোগিতা বা প্রশ্রয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সম্পর্কে তাদের তথ্য দিতে হবে।

আরও পড়ুন