টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে নিষিদ্ধ আ.লীগের হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ
ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:২২ পিএম
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। একপর্যায়ে তারা নিলফা বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন।
অন্যদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়েও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জানতে পেরেছেন।
এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, খবর পেয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।