শ্রমিক অসন্তোষ, বাংলাদেশের পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে: রয়টার্স
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ এএম
শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও বাড়তি ব্যয়ের কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা কমছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারেও। বৈশ্বিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরিয়ে এশিয়ার অন্য দেশগুলোতে নিচ্ছে। এর বড় অংশই যাচ্ছে প্রতিবেশী ভারতে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। ভারত সবচেয়ে বেশি ক্রয়াদেশ পেয়েছে। এ ছাড়া ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন ক্রেতারা।
শিল্পনেতাদের মতে, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের কম খরচে উৎপাদনের সুবিধা কমিয়ে দিয়েছে। অথচ এই সুবিধার ওপর ভর করেই চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হয়েছে বাংলাদেশ।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভে এ খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও এই শিল্পের ওপর নির্ভরশীল।
গত বুধবার সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেয়। গত চার দশকের মধ্যে এটিই সর্বনিম্ন মজুরি বৃদ্ধির হার। তবে ন্যূনতম মজুরি দ্বিগুণের বেশি করার দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। এতে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষ হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন। শনিবার থেকে সব শ্রমিক কাজে ফিরবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তবে শিল্প খাতের অস্থিরতা এখনো পুরোপুরি কাটেনি।
শিল্পনেতাদের মতে, মজুরি বাড়ায় ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের সুবিধা আরও কমবে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাকশিল্পের মানদণ্ডে বাংলাদেশের নতুন মজুরিও অনেক কম।
আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কারখানামালিক রয়টার্সকে জানান, চলমান অস্থিরতার কারণে ব্র্যান্ডগুলো ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। এর সিংহভাগই পেয়েছে ভারত। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স। এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়ে যায়। গোকলদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ এবং ট্রাইডেন্টের প্রায় ৫ শতাংশ বাড়ে। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলের শেয়ারের দাম প্রায় ২ শতাংশ করে বৃদ্ধি পায়।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ ও কাঁচামালের বাড়তি দাম উদ্যোক্তাদের ওপর চাপ তৈরি করেছে। এমন সময়ে মজুরি বাড়াতে হয়েছে, যখন ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ না করে বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ায় আর্থিক ক্ষতি কমানো এবং বৈশ্বিক ক্রেতাদের ধরে রাখার সুযোগ তৈরি হয়েছে।
তবে কারখানামালিকদের আশঙ্কা, একবার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেলে তা আর ফিরে নাও আসতে পারে। কারণ, নতুন উৎপাদন উৎস যাচাইয়ের পর ক্রেতারা দীর্ঘমেয়াদে সেসব দেশের সঙ্গে ব্যবসা শুরু করতে পারেন।
জ্বালানি সংকটও উৎপাদন ব্যাহত করছে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে এই সংকট আরও প্রকট হয়েছে। অনেক কারখানাকে এখন ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে।
এম মহিউদ্দিন চৌধুরী জানান, সরবরাহকারী বাছাইয়ের ক্ষেত্রে ক্রেতারা এখন দামের চেয়ে দ্রুত পণ্য সরবরাহকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাঁর তথ্যমতে, বাংলাদেশ থেকে পণ্য পৌঁছানোর তুলনায় ভারত প্রায় এক সপ্তাহ এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া প্রায় ১৫ দিন এগিয়ে। এসব দেশ ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও সরবরাহ শেষ করতে পারে। বাংলাদেশে এ সময় লাগে প্রায় ১২০ দিন।
চলমান অস্থিরতায় ঢাকা ও আশপাশের কারখানাগুলোতে ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে বড় ধরনের উৎপাদন জট বা ব্যাকলগ তৈরি হয়েছে। সময়মতো পণ্য সরবরাহ করতে অনেক কারখানা এখন অতিরিক্ত সময় কাজ এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।
ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানান, অস্থিরতার কারণে নতুন ক্রয়াদেশ আসা বন্ধ হয়ে গেছে। গত ১ নভেম্বর থেকে তাঁর বেশিরভাগ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন। তাঁরা জানিয়েছেন, আগের অর্ডারগুলো সরিয়ে নেওয়া, স্থগিত বা বাতিল করা হয়েছে। বিকল্প ব্যবস্থাও করে নিয়েছেন তাঁরা।
এর পাশাপাশি ভারত থেকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে রাজনৈতিক উত্তেজনাও নতুন করে অস্থিরতার আশঙ্কা বাড়িয়েছে। শিল্পনেতারা মনে করছেন, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফেরাতে দেশে স্থিতিশীলতা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে হবে।
এম মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, অস্থিরতার সুযোগে অন্য দেশে চলে যাওয়া ক্রয়াদেশ পরিস্থিতি স্বাভাবিক হলেও ফিরে নাও আসতে পারে। তাই সাময়িকভাবে সরে যাওয়া ক্রয়াদেশ যেন দীর্ঘমেয়াদি স্থানান্তরে রূপ না নেয়, সে জন্য দ্রুত ক্রেতাদের আস্থা ফেরানো জরুরি।
-6b080c6228ffb.jpg)

