স্বতন্ত্র বোর্ডে ঐকমত্যের ভিত্তিতে নির্ধারিত হয়েছে পোশাকশ্রমিকদের মজুরি: মাহ্দী আমিন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে স্বতন্ত্র মজুরি বোর্ড ঐকমত্যের ভিত্তিতে গ্রহণযোগ্য কাঠামো নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দ্রুততম সময়ে মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডটি স্বাধীনভাবে নিম্নতম মজুরি নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গার্মেন্টস শিল্পে ২০২৬ সালের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থকে সব সময় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রমঘন এলাকায় ডায়াগনস্টিক সেন্টারসহ ১০০ শয্যার সাতটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেওয়া, বেতন বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া ও যাতায়াত খরচ বাড়ানো ঠেকাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শ্রমঘন এলাকাগুলোতে ওএমএস ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল দেওয়া হচ্ছে। শ্রমিকদের সন্তানদের শিক্ষা ব্যয় কমাতে এসব এলাকার প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে স্কুলের পোশাক, জুতা ও ব্যাগ দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে মিড-ডে মিলও। বন্ধ করা হয়েছে পুনর্ভর্তির খরচ। শ্রমিকদের আবাসন উন্নয়নে শ্রমঘন এলাকায় বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণের বিষয়েও প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
পোশাকশিল্পের বিকাশ প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এ শিল্পের যাত্রা শুরু হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে শিল্পটির ব্যাপক উন্নয়ন ঘটে। বর্তমান গণতান্ত্রিক অভিযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন।
সরকারের কার্যক্রম তুলে ধরে মাহ্দী আমিন বলেন, সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যে শ্রমবান্ধব শ্রম আইন পাস করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পে রয়েছে জ্বালানিসংকট। এসব সীমাবদ্ধতার মধ্যেও দ্রুত মজুরি বোর্ড গঠন করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, আগে সাধারণত প্রতি পাঁচ বছর পর মজুরি বোর্ড গঠন করা হতো। ২০২৩ সালের পর এবার ২০২৬ সালে, অর্থাৎ তিন বছরের ব্যবধানে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
মাহ্দী আমিন জানান, গত তিন বছরে পোশাকশ্রমিকদের চারটি গ্রেডে মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বেড়েছে। টাকার অঙ্কে এই বৃদ্ধির পরিমাণ ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা।
তিনি বলেন, প্রথম গ্রেডে ২০২৩ সালে নিম্নতম মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। এবার তা ৪৩ শতাংশ বা ৬ হাজার ৪৬৫ টাকা বেড়ে ২১ হাজার ৫০০ টাকা হয়েছে।
দ্বিতীয় গ্রেডে মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে ৪০ দশমিক ১১ শতাংশ বা ৫ হাজার ৭২৭ টাকা বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪১ দশমিক ৭০ শতাংশ বা ৫ হাজার ৬৫০ টাকা বেড়ে মজুরি দাঁড়িয়েছে ১৯ হাজার ২০০ টাকায়। চতুর্থ গ্রেডে মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেড়ে হয়েছে ১৭ হাজার টাকা।
বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও এই বেতন বৃদ্ধি শ্রমিকদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন মাহ্দী আমিন। তিনি বলেন, নির্ধারিত মূল মজুরির সঙ্গে বোনাস ও ওভারটাইম যুক্ত হলে শ্রমিকেরা মাস শেষে আরও বেশি অর্থ হাতে পাবেন। এতে তাদের জীবনমান উন্নত হবে।
মালিক প্রতিনিধিদের বরাত দিয়ে তিনি জানান, শ্রমিকদের একটি বড় অংশ মাস শেষে ২৫ হাজার টাকা বা তার বেশি অর্থ বাড়িতে নিয়ে যেতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
মাহ্দী আমিন বলেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে স্বতন্ত্র মজুরি বোর্ড নতুন কাঠামো নির্ধারণ করেছে। এই কাঠামো শ্রমিক ও মালিক উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। সবাই এতে সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, নতুন মজুরি নির্ধারণের সময় শ্রমিক, মালিক ও বোর্ডের সদস্যরা দেশের অন্যান্য শিল্পের মজুরি কাঠামো পর্যালোচনা করেছেন। বড়, মাঝারি ও ছোট কারখানার পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামো পর্যালোচনা করা হয়েছে।
মজুরি বোর্ডের সিদ্ধান্তে সরকারের সরাসরি কোনো হস্তক্ষেপ ছিল না বলে জানান মাহ্দী আমিন। তাঁর ভাষ্য, সরকার শুধু প্রক্রিয়াটি সহজ করেছে এবং আন্তরিকতার সঙ্গে সমর্থন দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকদের ত্যাগ, শ্রম ও ঘামের সঙ্গে মিশে আছে দেশের শিল্পের অগ্রযাত্রা। তাঁদের আবেগ ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবেই বিশ্বজুড়ে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচিতি পেয়েছে। দেশের এই গৌরবের সঙ্গে শ্রমিকদের কষ্টার্জিত অর্জন সরাসরি জড়িত।
মাহ্দী আমিন বলেন, সংসদে প্রধানমন্ত্রী ছয়টি ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তবে শ্রমিকদের মতামতকে গুরুত্ব দিয়ে হাসপাতালের সংখ্যা বাড়িয়ে সাতটি করা হয়েছে। এসব হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারও থাকবে। ইতিমধ্যে জমি অধিগ্রহণের কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত হাসপাতালগুলোর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চলমান ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, দ্রুত পোশাকশ্রমিকদের হাতে এ কার্ড পৌঁছে দিতে কাজ করছে মন্ত্রণালয়। এ ক্ষেত্রে নারী শ্রমিকদের নিজেদের নামে এবং পুরুষ শ্রমিকদের স্ত্রীদের নামে কার্ড দেওয়ার ক্ষেত্রে পোশাকশিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
শ্রমঘন এলাকাগুলোতে ওএমএস ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আরও বেশি পোশাকশ্রমিককে এ সুবিধার আওতায় আনতে ওএমএস কার্যক্রমের পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
মজুরি বৃদ্ধির পর বাড়িভাড়া ও যাতায়াত খরচ বেড়ে যাওয়ার প্রবণতা ঠেকাতে সরকারের অবস্থান তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি বলেন, হঠাৎ বাড়িভাড়া বাড়ানোর সংস্কৃতি বন্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে।
একইভাবে হঠাৎ বাসভাড়া বা যাতায়াত খরচ বাড়ানো ঠেকাতে পরিবহন ও সড়ক মন্ত্রণালয় কাজ করছে। শ্রমিকদের আবাসনসংকট নিরসনে শ্রমঘন এলাকাগুলোতে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণের বিষয়েও প্রধানমন্ত্রী ইতিবাচক।
শিল্প খাতের জ্বালানিসংকট মোকাবিলায় তৃতীয় ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনের কাজ চলছে বলে জানান মাহ্দী আমিন। একই সঙ্গে জ্বালানি তেলের উৎস বৈচিত্র্যময় করা হচ্ছে।
শিল্প ও শ্রমিককে একে অপরের পরিপূরক হিসেবে উল্লেখ করেন মাহ্দী আমিন। তিনি বলেন, শিল্পের বিকাশ ঘটলে কর্মসংস্থান বাড়বে। মালিকদের সক্ষমতা বাড়লে শ্রমিকদের সুযোগ-সুবিধাও বাড়বে।
বহুমুখী পরিকল্পনা ও প্রধানমন্ত্রীর নির্দেশনার মাধ্যমে শ্রমিক ও মালিকেরা একসঙ্গে দেশকে এগিয়ে নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগান ধারণ করে স্বনির্ভর ও সার্বভৌম বাংলাদেশের অগ্রযাত্রায় শ্রমিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। শিল্প, শ্রমিক, মালিক ও সরকারের অংশীজনদের সম্মিলিত উদ্যোগে পোশাকশিল্প আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
মজুরি বোর্ডের সদস্যদের প্রশংসা করে মাহ্দী আমিন বলেন, বোর্ডের সদস্যরা প্রত্যেকেই গ্রহণযোগ্য ও সর্বজনশ্রদ্ধেয়। শ্রমিক ও শিল্পের স্বার্থ রক্ষায় তাঁদের নিরপেক্ষতার কারণে সবাই তাঁদের সম্মান করেন। শ্রমিক প্রতিনিধি সব শ্রমিকের প্রতিনিধিত্ব করেছেন। মালিক প্রতিনিধিও একজন শ্রমবান্ধব ব্যবসায়ী হিসেবে পরিচিত।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার প্রত্যাশা অনুযায়ী মজুরি বোর্ড স্বাধীন, নিরপেক্ষ ও স্বতন্ত্রভাবে নিম্নতম মজুরি নির্ধারণ করেছে। এ ক্ষেত্রে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না। এ জন্য বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।
শান্তিপূর্ণ পরিবেশে কারখানাগুলোর উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানান মাহ্দী আমিন। শ্রমিকেরা যেন আনন্দের সঙ্গে কাজে যোগ দেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তাঁর মতে, নিরপেক্ষভাবে ঘোষিত মজুরি কাঠামোকে সরকারের পক্ষ থেকে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দিয়ে আরও অর্থবহ করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার এবং নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
এ ছাড়া উপস্থিত ছিলেন মজুরি বোর্ডের সদস্য ও টিসিসির সহসভাপতি আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তাসলিমা আখতার, বাংলাদেশ লেবার কংগ্রেসের সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ বিজিএমইএ, বিকেএমইএ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
-6b0698ae1900e.jpg)