EN ☀️
×

Follow Us

কূটনীতি

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জার্মানিকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ এএম

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জার্মানিকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বার্লিনে জার্মান প্রতিমন্ত্রী ফ্লোরিয়ান হানের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও প্রতিনিধিদলের বৈঠক। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

অ অ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জার্মান ফেডারেল পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ফ্লোরিয়ান হানের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্লিনে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও জার্মানির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।

এ বৈঠকে ইউরোপে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার হিসেবে জার্মানির অবস্থান উল্লেখ করে বৈঠকে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগের সুযোগগুলো আরও সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।

এ ক্ষেত্রে উভয় পক্ষ ব্যবসা-বাণিজ্যের নতুন ক্ষেত্র অন্বেষণ, রপ্তানি বহুমুখীকরণ এবং দুই দেশের মধ্যকার অব্যবহৃত সম্ভাবনাগুলো কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের বিনিয়োগবান্ধব নীতিমালা সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশে আরও বেশি জার্মান বিনিয়োগের আহ্বান জানান তিনি।

একইসাথে তিনি জার্মানি-বাংলাদেশ উন্নয়ন সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

এ ছাড়া নবায়নযোগ্য উৎসের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা, জনমিতিক লভ্যাংশ ও দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং সুশৃঙ্খল অভিবাসন ও যাতায়াত খাতে দুই দেশের মধ্যে বৃহত্তর সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ—যেমন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি নারীর কর্মসংস্থান, শিক্ষা, জলবায়ু কার্যক্রম, সৌরবিদ্যুতের মতো পরিবেশবান্ধব জ্বালানির প্রসার এবং পাট ও পাটজাত পণ্যের মতো পরিবেশবান্ধব ও পচনশীল পণ্যের ব্যবহার বৃদ্ধির বিষয়গুলো বৈঠকে উপস্থাপন করেন।

দক্ষ অভিবাসনের জন্য বৈধ পথ তৈরির গুরুত্ব তুলে ধরে তিনি বাংলাদেশের জন্য ‘ইইউ ট্যালেন্ট পার্টনারশিপ’ উদ্যোগে জার্মানিকে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের প্রস্তাবের ভিত্তিতে উভয় পক্ষ সুশৃঙ্খল দ্বিপাক্ষিক অভিবাসন কাঠামো এবং নিয়মিত দ্বিপাক্ষিক পরামর্শক ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা নিয়ে কাজ করতে সম্মত হয়েছে। চলমান সহযোগিতা আরও এগিয়ে নিতে নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

এছাড়া এ বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিক সহায়তার ভূয়সী প্রশংসা করেছে জার্মানি।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় ও এর পরবর্তী পদক্ষেপসহ রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

জার্মান প্রতিমন্ত্রী ফ্লোরিয়ান হান বাংলাদেশকে এই অঞ্চলের একটি নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ অংশীদার দেশ হিসেবে অভিহিত করেন। বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, টেকসই উন্নয়ন এবং অগ্রগতির পথে জার্মানির অব্যাহত সমর্থন বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আরও পড়ুন