EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানির ভিসায় নতুন ডিজিটাল ব্যবস্থা চালু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএম

বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানির ভিসায় নতুন ডিজিটাল ব্যবস্থা চালু

ছবি: সংগৃহীত

অ অ

জার্মানিতে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষার্থী ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ঢাকার জার্মান দূতাবাস। এখন থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে যেতে আগ্রহীরা অনলাইনে ভিসার আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।

রবিবার (১৫ নভেম্বর) ঢাকার জার্মান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টাল ‘আউসল্যান্ডসপোর্টাল’ (Auslandsportal)-এর মাধ্যমে নতুন এ আবেদন ব্যবস্থা চালু করা হয়েছে।

নতুন ব্যবস্থায় আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্টের আগেই অনলাইনে আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে পারবেন। পাশাপাশি ভিএফএসের মাধ্যমে প্রাথমিকভাবে নথিপত্র যাচাইয়ের সুযোগও থাকবে। এতে দূতাবাসে সরাসরি উপস্থিতির জন্য প্রয়োজনীয় সময় কমবে।

দূতাবাসে সরাসরি উপস্থিতির সময় মূলত বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও চূড়ান্ত যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে।

এ ছাড়া আবেদনকারীরা অনলাইন পোর্টালের ড্যাশবোর্ড থেকে আবেদনের অগ্রগতি জানতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবেও আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।

নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর অংশ হিসেবে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, আগে যারা শিক্ষার্থী ভিসার জন্য নিবন্ধন করেছেন এবং অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় রয়েছেন, তাদেরও নতুন করে আবেদন করতে হবে। আগের অপেক্ষমাণ তালিকার কোনো নিবন্ধন নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে না। সেগুলো আর কার্যকর থাকবে না।

তাই নতুন ও পুরোনো—সব আবেদনকারীকে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নতুন অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে।

নতুন আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও বিস্তারিত নির্দেশনা পোর্টালেই পাওয়া যাবে। আবেদন করতে ভিজিট করুন: https://digital.diplo.de/

আরও পড়ুন