প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়: শামা ওবায়েদ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত
প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, সংকট সমাধানে মিয়ানমার কর্তৃপক্ষের পাশাপাশি রাখাইনের নিয়ন্ত্রক শক্তি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। এ প্রক্রিয়ায় চীন, ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলোকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।
রোববার (২ রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু। তাই সমাধানে জাতীয় রাজনৈতিক ঐকমত্য, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় কূটনৈতিক তৎপরতা প্রয়োজন।
তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার ‘হোল অব গভর্নমেন্ট’ পদ্ধতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে জাতীয় কৌশল প্রণয়ন কমিটি কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গা অবস্থান করায় কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী অর্থনৈতিক ও সামাজিক সংকটে পড়ছে। পাশাপাশি সীমান্তে মাদক ও মানবপাচার, শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত এবং বাংলাদেশি জেলেদের আটকের ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। প্রতিবছর নতুন শিশুর জন্ম এবং পর্যাপ্ত তহবিলের অভাবে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
সংকট সমাধানে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের বিষয়ে শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে। পাশাপাশি রাখাইনে সহিংসতা বন্ধ ও অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও নতুন শরণার্থী সংকটের মধ্যেও আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার তালিকায় রাখতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
