EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়াতে রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়াতে রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

ছবি: সংগৃহীত

অ অ

অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, জ্বালানি ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত। এ সময় তিনি জাপানের সম্রাট নারুহিতোর পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে অভিনন্দনবার্তা হস্তান্তর করেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সম্রাট তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের সুখ ও সাফল্য কামনা করেছেন। এ জন্য সম্রাটকে ধন্যবাদ জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করেন রাষ্ট্রপতি। 

সাক্ষাতে বাংলাদেশ-জাপানের দীর্ঘদিনের বন্ধুত্ব ও উন্নয়ন সহযোগিতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি জাপানের প্রতি কৃতজ্ঞতা জানান। ঢাকা মেট্রোরেল ও মেঘনা সেতুসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্পে জাপানের সহযোগিতার প্রশংসা করেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও ব্যবস্থাপনায় জাপানের সহযোগিতায় দ্রুত কার্যক্রম শুরু হবে বলেও আশা প্রকাশ করেন। জাপানের রাষ্ট্রদূত দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেন।

জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় জাপানকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। বাংলাদেশে কারিগরি শিক্ষা ও জাপানি ভাষা প্রশিক্ষণের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি। 

দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তরাঞ্চলে ফল, ফসল ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। জাপানের রাষ্ট্রদূত এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আগ্রহের কথা জানান তিনি।

রোহিঙ্গাদের জন্য জাপানের মানবিক সহায়তার প্রশংসা করে রাষ্ট্রপতি তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর জাপানের অব্যাহত চাপ ও সমর্থন কামনা করেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূতের ভূমিকার জন্য তাঁকে ধন্যবাদ জানান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও রাজনৈতিক উত্তরণে সন্তোষ প্রকাশ করে জাপানের রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন