রোহিঙ্গা গণহত্যার রায় কার্যকরে আন্তর্জাতিক উদ্যোগ নেবে মালয়েশিয়া
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ এএম
ছবি: সংগৃহীত
রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় কার্যকর করতে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নেবে মালয়েশিয়া। এ বিষয়ে জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি), আসিয়ানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করবে দেশটি।
রোববার (২২ নভেম্বর) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া আইসিজের রায়কে সম্মান জানায়। রোহিঙ্গাদের সুরক্ষা ও সংকটের স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে দেশটি।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়ে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। গণহত্যা সনদের সদস্য হিসেবে নিজেদের দায়িত্বও পালন করবে তারা। মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজে রায় দেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছে। আদালত বলেন, রোহিঙ্গাদের একটি বড় অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব অপরাধ সংঘটিত হয়েছিল।
রায়ে রোহিঙ্গাদের হত্যা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং জন্ম ঠেকানোর মতো অপরাধের বিষয় উঠে এসেছে। গণহত্যা ঠেকাতে ব্যর্থ হওয়া এবং অপরাধীদের বিচারের আওতায় না আনার জন্যও মিয়ানমারকে দায়ী করা হয়েছে।
আইসিজে মিয়ানমারকে গণহত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অপরাধের তদন্ত, প্রমাণ সংরক্ষণ এবং দায়ীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন আদালত।
এ ছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্বপূর্ণ। তাদের হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিপূরণের বিষয়েও আদালতের নির্দেশনা রয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ ও তা দেওয়ার পদ্ধতি পরে নির্ধারণ করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী, নেওয়া পদক্ষেপের বিষয়ে দুই বছরের মধ্যে মিয়ানমারকে প্রতিবেদন দিতে হবে।
২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ওআইসির ৫৭ সদস্যের পক্ষে দেশটি এ মামলা করে। অভিযোগ ছিল, ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।
ওই অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সব মিলিয়ে ১০ লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, অভিযানে অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছে। এ সময় ধর্ষণ ও যৌন সহিংসতার পাশাপাশি নারী ও শিশুদের ওপরও ব্যাপক নির্যাতন চালানো হয়।
আইসিজের রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়ন নিয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে। কারণ, আদালতের নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। রায় কার্যকর করতে মিয়ানমারের সহযোগিতা এবং আন্তর্জাতিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক সরকারের রাজনৈতিক প্রতিনিধিদের আসিয়ানের শীর্ষ সম্মেলন ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়ার সুযোগ সীমিত করেছে জোটটি। তবে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করেনি তারা।
গত ১৫ নভেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান নেতাদের বৈঠকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া পর্যন্ত আসিয়ানের শীর্ষ সম্মেলন ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিয়ানমারের রাজনৈতিক প্রতিনিধিদের অংশগ্রহণ বন্ধ থাকবে।
তবে পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে মিয়ানমার ধারাবাহিক ও দৃশ্যমান অগ্রগতি দেখালে দেশটির রাজনৈতিক প্রতিনিধিত্ব ধীরে ধীরে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে আসিয়ান। ওই ঐকমত্যে সহিংসতা বন্ধ, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা, মধ্যস্থতা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয় রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি


