EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আইসের হাতে আটক প্রিন্সটনের চীনা বংশোদ্ভূত গবেষক

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

যুক্তরাষ্ট্রে আইসের হাতে আটক প্রিন্সটনের চীনা বংশোদ্ভূত গবেষক
অ অ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে একটি অ্যাকাডেমিক সম্মেলন শেষে ফেরার পথে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) কর্মকর্তাদের হাতে আটক হয়েছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের চীনা বংশোদ্ভূত স্নায়ুবিজ্ঞানী ইভা ই ঝি। চলতি সপ্তাহে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

ইভা ই ঝি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পিএইচডি শিক্ষার্থী। ২০১৬ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, ভিসার মেয়াদ শেষ হলেও যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়ে করা তাঁর একটি আবেদন এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজার্সিতে ফেরার পথে বিমানবন্দরে আটক হওয়ার পর বার্তা আদান-প্রদানের মাধ্যম স্ল্যাকের মাধ্যমে প্রিন্সটনের ব্রোডি ল্যাবের সহকর্মীদের নিজের আটকের বিষয়টি জানান ঝি। তবে এর কিছুক্ষণ পরই ল্যাবের সহকর্মীদের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভার্জিনিয়ার চ্যান্টিলিতে অবস্থিত আইসের একটি আটককেন্দ্রে রাখা হয়েছে তাঁকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে বিদেশি বিজ্ঞানী ও অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে আটক হওয়া গবেষকদের তালিকায় সর্বশেষ যুক্ত হলেন ঝি।

বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিবাসননীতির কারণে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিক মেধাবীদের আকৃষ্ট করা এবং তাঁদের ধরে রাখা কঠিন হয়ে উঠছে। বিশেষ করে তরুণ গবেষকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। এর ফলে বিজ্ঞান ও গবেষণার বিভিন্ন ক্ষেত্রে নতুন সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুলের ডিন রডনি ডি. প্রিস্টলি এক বিবৃতিতে বলেন, ‘ইভার আটকের খবরটি আমার এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের অনেক সদস্যের জন্যই অত্যন্ত দুঃখজনক।’ তিনি আশা প্রকাশ করেন, ইভা দ্রুত প্রিন্সটনে ফিরে তাঁর পড়াশোনা ও গবেষণা শুরু করতে পারবেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

আরও পড়ুন