ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতের সামরিক ঘাঁটি ব্যবহার করবে জাপান
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ এএম
ছবি: সংগৃহীত
সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জাম শিল্পে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে ভারত ও জাপান। এর অংশ হিসেবে প্রথমবারের মতো ভারতের সামরিক ফায়ারিং রেঞ্জ বা গোলাবর্ষণ প্রশিক্ষণকেন্দ্র ক্ষেপণাস্ত্র পরীক্ষার কাজে ব্যবহার করতে পারবে জাপানের আত্মরক্ষা বাহিনী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টোকিওতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘টু প্লাস টু’ বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়। বৈঠকে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ও পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগির সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেন।
বৈঠকে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক চাপ প্রয়োগ, নির্বিচার রপ্তানি নিষেধাজ্ঞা এবং বাজারবহির্ভূত নীতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দুই দেশ। চীনের সাম্প্রতিক বাণিজ্যিক বিধিনিষেধের প্রতি ইঙ্গিত করেই এ উদ্বেগ জানানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের জেরে বেইজিং ও টোকিওর মধ্যে উত্তেজনা বেড়েছে। এর মধ্যে জাপানের কয়েক ডজন প্রতিষ্ঠানকে রপ্তানি নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে চীন। পাশাপাশি দ্বৈত ব্যবহারের উপযোগী পণ্য সরবরাহে বিধিনিষেধ আরোপ এবং জাপানের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা উপাদান রপ্তানি বন্ধ করেছে বেইজিং।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, ‘আমাদের সহযোগিতার মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতার ভিত্তি হিসেবে কাজ করতে চাই।’
বৈঠকে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জাপানের ইউনিকর্ন নৌ-যোগাযোগ অ্যান্টেনা ভারতে রপ্তানির বিষয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
এর আগের দিন কানাগাওয়া প্রদেশের ইয়োকোসুকায় জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের নৌঘাঁটি পরিদর্শন করেন কোইজুমি ও রাজনাথ সিং। সেখানে তাঁরা ইউনিকর্ন সমন্বিত স্টিলথ মাস্ট প্রযুক্তিতে সজ্জিত মোগামি শ্রেণির ফ্রিগেট ‘নাতোরি’তে ওঠেন।
তবে বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে ভারতের সামরিক ফায়ারিং রেঞ্জে জাপানের আত্মরক্ষা বাহিনীর সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। এর মধ্যে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও অন্তর্ভুক্ত থাকবে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি বলেন, ‘এটি শুধু আত্মরক্ষা বাহিনীর প্রশিক্ষণের পরিধি বাড়ানোর ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, বরং জাপান-ভারত সহযোগিতার নতুন পর্যায়ের একটি বাস্তব উদাহরণ হিসেবেও আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে ভূমিকা রাখবে।’
গত মাসে জাপান জানিয়েছিল, দীর্ঘপাল্লার অস্ত্র পরীক্ষার জন্য ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র ব্যবহারের সম্ভাবনা যাচাই করতে দেশটিতে কর্মকর্তাদের পাঠানো হয়েছে। এর মধ্যে জাপানের টাইপ-২৫ জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ছোট আকারের আক্রমণকারী ড্রোনও রয়েছে।
জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মাসায়োশি আরাইয়ের ভাষ্য অনুযায়ী, প্রায় এক হাজার কিলোমিটার পাল্লার টাইপ-২৫ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা পুরোপুরি কাজে লাগিয়ে কীভাবে প্রশিক্ষণ পরিচালনা করা যায়, তা খতিয়ে দেখতেই কর্মকর্তাদের ভারতে পাঠানো হয়েছিল। তিনি বিষয়টিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রশিক্ষণকেন্দ্রের সংখ্যা কম হওয়ায় নিজস্ব ভূখণ্ডে এ ধরনের পরীক্ষা চালানো বেশ কঠিন। এ কারণে ভারত ছাড়াও অন্য দেশের প্রশিক্ষণকেন্দ্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে টোকিও।
জাপান শুধু দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র নয়, ছোট আকারের আক্রমণকারী ড্রোনের পরীক্ষার জন্যও ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্র ব্যবহারের বিষয়ে আলোচনা করেছে।
চীনের সামরিক তৎপরতা মোকাবিলা এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিপরীতে প্রতিরক্ষা জোরদার করতে উপকূলীয় এলাকায় বহুস্তরবিশিষ্ট প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলছে জাপান। এ ব্যবস্থায় নজরদারি ও হামলার কাজে বিপুলসংখ্যক চালকবিহীন আকাশযান, নৌযান ও ডুবোযান ব্যবহারের পাশাপাশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এর আগে গত আগস্টে জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস জাপানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য অস্ট্রেলিয়ার প্রশিক্ষণকেন্দ্র ব্যবহারের সুযোগ বাড়ানোর বিষয়ে কাজ করার ঘোষণা দেন। ভারতের সঙ্গে নতুন সমঝোতা কার্যকর হলে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য জাপানের সামনে আরও বিকল্প তৈরি হবে।
বৃহস্পতিবারের বৈঠকের পর রাজনাথ সিং ও কোইজুমি দ্বিপক্ষীয় আলোচনাও করেন। সেখানে নৌযান নির্মাণ ও নকশার ক্ষেত্রে যৌথ উন্নয়ন কার্যক্রমের সম্ভাবনা খতিয়ে দেখতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হন তাঁরা।
উন্নত সংস্করণের মোগামি শ্রেণির ফ্রিগেট বিভিন্ন দেশের কাছে বিক্রির আগ্রহ রয়েছে জাপানের। সম্ভাব্য ক্রেতা হিসেবে ভারতের নামও একাধিকবার আলোচনায় এসেছে। এর আগে অস্ট্রেলীয় নৌবাহিনীকে এসব যুদ্ধজাহাজ সরবরাহে টোকিও ও ক্যানবেরা একটি গুরুত্বপূর্ণ চুক্তি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই জাপানের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি চুক্তি।