জলবায়ু সংকট মোকাবিলায় বড় কোনো চুক্তি ছাড়াই শেষ জলবায়ু সম্মেলন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম
ছবি: সংগৃহীত
সম্মেলনের চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে সরাসরি কোনো উল্লেখ নেই। তবে ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনের সিদ্ধান্তের কথা পরোক্ষভাবে তুলে ধরা হয়েছে। ওই সিদ্ধান্তে জ্বালানি ব্যবস্থায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার কথা বলা হয়েছিল।
চুক্তির এই অবস্থানে অসন্তোষ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলো, পানামা ও মার্শাল দ্বীপপুঞ্জ। ইইউর প্রতিনিধি ড্যারাগ ও’ব্রায়েন বলেন, চুক্তিতে যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষা নেই। জীবাশ্ম জ্বালানির কথা বাদ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ধনী দেশগুলোর কাছ থেকে নির্দিষ্ট অর্থায়নের প্রতিশ্রুতি না পাওয়ায় হতাশ দরিদ্র দেশগুলো। ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত কপ-৩০ সম্মেলনে জলবায়ু অভিযোজনের জন্য অর্থায়ন তিন গুণ করার বিষয়ে সম্মতি হয়েছিল। কিন্তু কপ-৩১-এর চুক্তিতে অর্থের পরিমাণ বা তা হিসাব করার পদ্ধতি স্পষ্ট করা হয়নি।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্মেলনের ফল নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, জীবাশ্ম জ্বালানি খাতের লবিস্টরা বৈজ্ঞানিক তথ্যকে আড়াল করে জলবায়ু মোকাবিলার উদ্যোগ পিছিয়ে দিচ্ছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ব্যর্থতার জন্য কঠিন ভূরাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেছেন। অন্যদিকে, সৌদি আরব ও রাশিয়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির বিষয়ে সরাসরি উল্লেখের বিরোধিতা করেছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত জ্বালানি পরিবর্তনের ফলে মানুষের মধ্যে জ্বালানির সংকট তৈরি হতে পারে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে তাপপ্রবাহ, খরা ও চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সাল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর হতে পারে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা প্রাক্-শিল্পায়ন সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বর্তমান সরকারি নীতিগুলো কার্যকর থাকলে ২১০০ সাল নাগাদ উষ্ণতা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
সম্মেলনে কিছু বিষয়ে সীমিত অগ্রগতি হয়েছে। ন্যায্য জ্বালানি রূপান্তরের একটি কাঠামোতে সম্মতি মিলেছে। এ ছাড়া ৮০টির বেশি দেশ ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার বিষয়ে তুরস্কের লক্ষ্যের প্রতি সমর্থন জানিয়েছে।
আগামী ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ায় অনুষ্ঠিত হবে পরবর্তী জলবায়ু সম্মেলন কপ-৩২।
সূত্র: বিবিসি

