EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম

জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ অ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুটি আন্তর্জাতিক তহবিল থেকে প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে এ অর্থের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এ ছাড়া একটি তহবিল থেকে আরও প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে অনুদানের পরিমাণ দাঁড়াতে পারে ১ হাজার ৫৮ কোটি টাকায়।

সোমবার (২৩ নভেম্বর) দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

তিনি জানান, জলবায়ু বিনিয়োগ তহবিল (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৪ কোটি টাকা অনুদান পাওয়া গেছে। অন্যদিকে গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১০ কোটি টাকার অনুদান নিশ্চিত হয়েছে। দুটি তহবিল থেকে পাওয়া অর্থের পরিমাণ প্রায় ৭৮৪ কোটি টাকা।

এ ছাড়া গ্লোবাল শিল্ডের প্রথম পর্যায়ের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা গেলে দ্বিতীয় পর্যায়ে আরও ২ কোটি ইউরো, অর্থাৎ প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, এই অর্থ অনুদান হিসেবে পাওয়া যাচ্ছে, যা ফেরত দিতে হবে না। সিআইএফের অর্থ সরকারি প্রকল্পে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যয় করা হবে। আর গ্লোবাল শিল্ডের অর্থ সরকারি ও বেসরকারি পর্যায়ে জলবায়ু ঝুঁকি মোকাবিলা, বীমা ও ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার কার্যক্রমে সহায়তা করবে। এ তহবিলের বাস্তবায়ন কার্যক্রম তদারক করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

কপ৩১ সম্মেলনে বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের দাবি জানিয়েছে। পাশাপাশি প্রশমন খাতে অর্থায়ন বাড়ানো, অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা এবং ঋণের প্রয়োজন হলে সহজ শর্তে ঋণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে।


সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষে জাতীয় বক্তব্য দেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এ ছাড়া ম্যানগ্রোভ জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠকেও অংশ নেয় বাংলাদেশ।

সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়নে ৪০টির বেশি পার্শ্ববৈঠক ও আলোচনা অনুষ্ঠিত হয়। কার্বন ক্রেডিট নিয়েও বিভিন্ন দেশের প্রতিনিধি, গোল্ড স্ট্যান্ডার্ড ও গ্লোবাল কার্বন কাউন্সিলের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এসব আলোচনায় অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন