EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

অ্যাপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

অ্যাপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন

ছবি: সংগৃহীত

অ অ

চীনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো একসঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বৈঠকে ইউক্রেন ও ইরানের যুদ্ধ, পারমাণবিক অস্ত্রের বিস্তার, বাণিজ্য নিয়ে উত্তেজনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতির মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বুধবার চীনে পৌঁছান ট্রাম্প। শেনজেন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শি জিনপিং। এ সময় দুই নেতা পরস্পরকে আলিঙ্গন করেন। একই দিনে শি ও পুতিনের মধ্যে দুই ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেখানে দুই নেতা চীন-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার কথা জানান।

অ্যাপেক সম্মেলনের মূল অধিবেশনে বুধবার বক্তব্য দেন তিন দেশের প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, কয়েকশ বছর ধরে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাবশালী শক্তি হিসেবে ভূমিকা রাখছে। এ অঞ্চলের প্রবৃদ্ধি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও দাবি করেন তিনি। 

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার প্রশংসা করে ট্রাম্প বলেন, দেশটি এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি সমৃদ্ধ। এআইয়ের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে এ প্রযুক্তির বিকাশে বাধা সৃষ্টি করতে পারে, এমন নিয়ন্ত্রণের বিরোধিতা করেন।

অন্যদিকে, পুতিন বলেন, রাশিয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ। এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে গঠনমূলক অংশীদারত্ব গড়ে তুলতে চায় তাঁর দেশ। এ ছাড়া এআই ও প্রযুক্তি খাতে নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে রাশিয়া প্রস্তুত।

শি জিনপিং বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে সব পক্ষের সঙ্গে কাজ করতে চায় চীন। এ লক্ষ্যে শেনজেনে একটি গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা এবং ডিজিটাল প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি ও পরিবেশবান্ধব প্রবৃদ্ধিতে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দেন তিনি। অ্যাপেকভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে দুই কোটি ডলার ব্যয়ের কথাও জানান শি।

ট্রাম্প-পুতিনের আলাদা বৈঠক

ত্রিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বৃহস্পতিবার ট্রাম্প ও পুতিনের মধ্যে আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রয়টার্সও দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকের খবর প্রকাশ করে।

গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় সর্বশেষ বৈঠক করেছিলেন ট্রাম্প ও পুতিন। সে সময় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনা হলেও কোনো সুনির্দিষ্ট সমঝোতা হয়নি। এবার তাঁদের আলোচনার দিকে ইউক্রেনসহ ইউরোপের দেশগুলোর নজর থাকবে বলে ধারণা করা হচ্ছে। 

গত সপ্তাহে ইউরোপের দেশগুলো স্পষ্ট করে বলেছে, ইউক্রেনকে বাদ দিয়ে দেশটি নিয়ে এবং ইউরোপকে বাদ দিয়ে ইউরোপের বিষয়ে কোনো আলোচনা হতে পারে না।

এদিকে, বিবিসির চীনবিষয়ক সংবাদদাতা লরা বিকারের বিশ্লেষণ অনুযায়ী, এ বৈঠক শি জিনপিংয়ের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব ও মর্যাদা তুলে ধরার বড় সুযোগ। কারণ, তিনি এমন দুই নেতাকে স্বাগত জানাচ্ছেন, যাঁরা দুটি যুদ্ধের সঙ্গে জড়িত এবং সেগুলোর অবসান ঘটাতে চেষ্টা করছেন। তবে আলোচনার বিষয় অনেক হলেও সময় কম। তাই বৈঠক থেকে বড় কোনো অগ্রগতি আসবে বলে খুব বেশি আশা করা হচ্ছে না।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যেও একান্ত বৈঠক হবে।

যে স্থানে বৈঠকে বসছেন তিন নেতা

চীনের শেনজেন শহরের কাইলিন ভিলায় তিন নেতার বৈঠক হওয়ার কথা। ১৯৯৭ সালে চালু হওয়া রাষ্ট্রীয় মালিকানাধীন এ স্থাপনায় দীর্ঘদিন ধরে চীনা ও বিদেশি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের ডিপল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কূটনীতি বিশেষজ্ঞ মিনসন কু বিবিসিকে বলেন, মূল সম্মেলনস্থলের বাইরে ব্যক্তিগত পরিবেশে বৈঠকের আয়োজন থেকে বোঝা যায়, চীন এটিকে আলাদা বড় সম্মেলন হিসেবে দেখাতে চায় না। অ্যাপেক সম্মেলন যেন এই বৈঠকের কারণে গুরুত্ব না হারায়, সেটিও চীনের লক্ষ্য হতে পারে।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাওইউ ইউয়ান বলেন, কাইলিন ভিলায় নিরাপত্তা নিশ্চিত করা তুলনামূলক সহজ। বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় বৈঠক শেষে ট্রাম্পের দ্রুত ফিরে যাওয়ার সুযোগও রয়েছে। তাঁর মতে, আনুষ্ঠানিক আয়োজন যত কম হবে, বৈঠক থেকে সুনির্দিষ্ট ফল না এলেও রাজনৈতিক প্রভাব তত কম পড়বে।

অ্যাপেকে অন্যান্য বিশ্বনেতা

অ্যাপেক সম্মেলনে যোগ দিতে বুধবার চীনের শেনজেনে যান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলসহ বিভিন্ন দেশের নেতারা। তাঁরাও বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিচ্ছেন।

এর আগে বুধবার ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান সম্মেলনে অংশ নেন ট্রাম্প। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

চীনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দেশটিতে প্রথম আনুষ্ঠানিক সফরে গেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

আরও পড়ুন