EN ☀️
×

Follow Us

কূটনীতি

জহির উদ্দিন স্বপন

ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগালে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগালে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ অ

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পূর্ণ সুবিধা কাজে লাগাতে পারলে বাংলাদেশ নিজের উন্নয়নের পাশাপাশি বিশ্বের অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপেতিয়ান এবং চিফ ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড ইন্টেলিজেন্স এম শহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপনের আসন্ন যুক্তরাষ্ট্র সফর এবং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা সর্বোচ্চ কাজে লাগানোর উপায় এবং সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।  

জহির উদ্দিন স্বপন বলেন, জনসংখ্যার পরিবর্তনের প্রভাব দীর্ঘ সময় পর অনুভূত হয়। তাই বর্তমান পরিস্থিতি দূরদর্শিতার সঙ্গে বিশ্লেষণ এবং ভবিষ্যৎ পরিবর্তন বোঝার সক্ষমতা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জনসংখ্যা ব্যবস্থাপনায় বাংলাদেশের অভিজ্ঞতা বৈশ্বিক আলোচনাকে সমৃদ্ধ করতে পারে এবং নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করতে পারে। এ ক্ষেত্রে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষাও ভবিষ্যতের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে কাজে লাগতে পারে।

উপদেষ্টা জানান, আসন্ন যুক্তরাষ্ট্র সফরে তিনি জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সংসদ সচিবালয়ের পক্ষে আলোচনায় অংশ নেবেন। সেখানে দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ইউএনএফপিএর সঙ্গে সহযোগিতার বিষয়টি তুলে ধরবেন।

এ সময় বাংলাদেশের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির কার্যক্রমে ইউএনএফপিএ ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন