EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যেও বিশ্ববাজারে কমল তেলের দাম

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যেও বিশ্ববাজারে কমল তেলের দাম

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত বাড়ার খবরে দাম কমেছে। তবে সরবরাহ সংকটের আশঙ্কা বড় ধরনের দরপতন ঠেকিয়ে রেখেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৬ সেন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে ৯২ ডলার ৯৮ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫ ডলার ৪৫ সেন্টে নেমেছে।

বাজারসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত বেড়েছে ৫২ লাখ ৮০ হাজার ব্যারেল। একই সময়ে দেশটিতে পেট্রোলের মজুত বেড়েছে ৫১ লাখ ২০ হাজার ব্যারেল। এ ছাড়া ডিজেলসহ অন্যান্য পাতনজাত জ্বালানির মজুত বেড়েছে ৩ লাখ ৫১ হাজার ব্যারেল। যুক্তরাষ্ট্রের আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। মঙ্গলবার ইরানি ড্রোন বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক রাডারব্যবস্থায় হামলা চালায়। এর জবাবে ইরানের কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বুধবার বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশটিকে লক্ষ্য করে ইরানের চালানো আকাশপথের হামলা প্রতিহত করা হয়েছে। উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এলএসইজির বিশ্লেষকদের মতে, বিকল্প পথে আঞ্চলিক তেল সরবরাহ কিছুটা পুনরুদ্ধার হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

এদিকে ইরানপন্থি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশন লক্ষ্য করে পাঁচটি ড্রোন ছুড়েছে। হরমুজ প্রণালি এড়িয়ে ইয়ানবু বন্দর দিয়ে তেল রপ্তানির জন্য সৌদি আরব এই পাইপলাইন ব্যবহার করে।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে তেল ও জ্বালানির মজুত বৃদ্ধি বিশ্ববাজারে দাম কমার চাপ তৈরি করলেও মধ্যপ্রাচ্যের সংঘাত এবং গুরুত্বপূর্ণ নৌপথে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তেলের বাজারকে এখনো অস্থির করে রেখেছে।

আরও পড়ুন