জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ এএম
প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং স্বল্পোন্নত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম।
তিনি বলেন, জলবায়ু সংকটে ঐতিহাসিকভাবে বেশি দায়ী দেশগুলোকে আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। জলবায়ু অর্থায়ন হতে হবে পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য ও সহজলভ্য। পাশাপাশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা বাড়াতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর ব্লু জোনে নেপাল প্যাভিলিয়নে ‘এলডিসি পার্লামেন্টারিয়ানস অ্যাট কপ৩১: টার্নিং ক্লাইমেট ডিক্লারেশনস ইনটু অ্যাকশন’ শীর্ষক বৈঠকে বক্তব্য দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে কম অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা এসব দেশের খাদ্যনিরাপত্তা, জীবিকা ও উন্নয়নকে হুমকির মুখে ফেলছে। তাই জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা জরুরি।
তিনি আরও বলেন, ২০২৬ সালের এলডিসি দিলি মন্ত্রীপর্যায়ের জলবায়ু ঘোষণার লক্ষ্য বাস্তবায়নে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। জলবায়ুবান্ধব আইন ও নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ এবং সরকারি ব্যয়ের তদারকির মাধ্যমে এ উদ্যোগ এগিয়ে নিতে হবে।
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ফরিদুল ইসলাম বলেন, এ রূপান্তর হতে হবে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক। এতে স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন চাহিদা ও জ্বালানি নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
তিনি বলেন, কপ৩১-এর আলোচনা ও সিদ্ধান্তে স্বল্পোন্নত দেশগুলোর বাস্তব চাহিদা প্রতিফলিত হওয়া জরুরি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর পদক্ষেপ এবং অর্থের প্রকৃত প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।
‘পার্লামেন্টারিয়ানস ফর আ ফসিল-ফ্রি ফিউচার’ নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর জলবায়ু আলোচক ও বিভিন্ন দেশের সংসদ সদস্যরা অংশ নেন। বৈঠকে ২০২৬ সালের দিলি জলবায়ু ঘোষণার দাবি, জলবায়ু অর্থায়ন এবং স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ রক্ষায় সংসদ সদস্যদের করণীয় নিয়ে আলোচনা হয়।
