দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার খুঁজতে গ্লোবাল সোর্সিং এক্সপো
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
দেশীয় পণ্যের নতুন বাজার খোঁজা এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের যোগাযোগ বাড়াতে আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬’। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হবে।
এক্সপোর প্রস্তুতি উপলক্ষে ঢাকার একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, গত বছর প্রথমবারের মতো এ মেলা আয়োজন করা হয়।
এবার গত বছরের আটটি খাতের বদলে ১২টি খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মেলায় ২০০টির বেশি স্টল থাকবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিদেশি ক্রেতাদের কাছে দেশীয় পণ্য তুলে ধরার সুযোগ তৈরি করবে এ আয়োজন। মেলায় সেমিনার, ব্যবসায়িক বৈঠক, অনলাইনে ক্রেতা-বিক্রেতার যোগাযোগ এবং কারখানা পরিদর্শনের ব্যবস্থা থাকবে। এ ছাড়া ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বিদেশি ক্রেতাদের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস, আন্তর্জাতিক ক্রেতা সমিতি ও বাণিজ্য চেম্বারগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। নিবন্ধিত ক্রেতাদের জন্য হোটেলে বিশেষ ছাড় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণের ক্ষেত্রে ছাড়ের সুযোগের বিষয়টিও সভায় তুলে ধরা হয়।
সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা মেলার প্রচার বাড়ানো, বিদেশি ক্রেতাদের যুক্ত করা এবং মানসম্মত পণ্য প্রদর্শনের ওপর গুরুত্ব দেন। নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানো, বুথের পৃষ্ঠপোষকতা এবং তাঁদের প্রশিক্ষণের প্রস্তাবও দেওয়া হয়।
প্লাস্টিক, হিমায়িত খাদ্য, মৎস্য, পাট, আসবাবপত্র ও ওষুধ খাতের প্রতিনিধিরা এসব পণ্যের বিদেশি বাজার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি রপ্তানির নিয়মকানুন সহজ করা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় নতুন ক্রেতা খোঁজার প্রস্তাব দেন তাঁরা।
আয়োজকদের আশা, এ এক্সপোর মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা বিদেশি ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার এবং নতুন বাজার খোঁজার সুযোগ পাবেন।
