বাংলাদেশ-মালাগা বাণিজ্য বাড়াতে সমঝোতা স্মারকের উদ্যোগ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম
বাংলাদেশ ও মালাগার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এফবিসিসিআই ও মালাগা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ লক্ষ্যে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে একমত হয়েছে তারা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মালাগায় এফবিসিসিআইয়ের ব্যবসায়ী প্রতিনিধি দল ও মালাগা চেম্বার অব কমার্সের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানো ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালাগা চেম্বারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট পালোমা মরিনো ম্যারিন।
বৈঠকে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বর্তমানে মালাগা অঞ্চলে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের প্রায় ৯৭ শতাংশই তৈরি পোশাক। তাই তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, সিরামিক, পাটজাত ও চামড়াজাত পণ্যসহ বাংলাদেশের অন্যান্য মানসম্মত পণ্যের আমদানি বাড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় মালাগার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশ সফর করে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা সরেজমিনে দেখার আহ্বান জানান এফবিসিসিআইয়ের প্রশাসক।
অন্যদিকে, মালাগার উন্নত প্রযুক্তিগত সক্ষমতার কথা তুলে ধরে বাংলাদেশকে সেখান থেকে প্রযুক্তিপণ্য ও সেবা আমদানির পাশাপাশি এ খাতে বিনিয়োগের আহ্বান জানান পালোমা মরিনো ম্যারিন।
মালাগার বিশ্বখ্যাত টেকনোলজি পার্কের অভিজ্ঞতা ও সুযোগ কাজে লাগাতেও আগ্রহ প্রকাশ করে এফবিসিসিআই প্রতিনিধি দল। প্রযুক্তিগত সহায়তা বিনিময়, কৃষি খাতের উন্নয়ন, বিনিয়োগ বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে দুই পক্ষের মধ্যে এমওইউ সইয়ের বিষয়ে একমত হয় তারা।
উল্লেখ্য, মালাগা স্পেনের দক্ষিণাঞ্চলের আন্দালুসিয়া অঞ্চলের অন্যতম বন্দর নগরী।
