খুলনা বিভাগে একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, খুলনা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
খুলনা বিভাগে ডেঙ্গুতে প্রাণহানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে মশাবাহিত এ রোগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় চারজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগী মারা গেছেন।
একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ সময়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১২ হাজার ৩০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১০ হাজার ৮১৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ২৯৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।