ঢাকা ইপিজেডে চালু হলো ‘স্মার্ট ওয়্যারহাউস’
প্যাক্সার বাংলাদেশের এই অত্যাধুনিক ওয়্যারহাউস উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ এএম
ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউস উদ্বোধন করছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
তৈরি পোশাক ও জুতাশিল্পের লেবেল ও প্যাকেজিং পণ্য দ্রুত ও দক্ষতার সঙ্গে সরবরাহের জন্য ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) চালু হয়েছে অত্যাধুনিক স্মার্ট ওয়্যারহাউস। এভারি ডেনিসনের প্রতিষ্ঠান প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এটি চালু করেছে।
সোমবার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ওয়্যারহাউসটি উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বয়ংক্রিয় প্রযুক্তিতে চালিত ৮৩০ বর্গমিটার আয়তনের এই স্মার্ট ওয়্যারহাউসে একসঙ্গে প্রায় ২৫ হাজার কার্টন সংরক্ষণ করা যাবে। পণ্য গ্রহণ, সংরক্ষণ, অর্ডারের ব্যাগিং ও সরবরাহ—সবকিছুই এখানে ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন হবে। এটি এভারি ডেনিসনের বৈশ্বিক ‘ম্যানুফ্যাকচারিং ৪.০’ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ।
উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে প্রযুক্তি ও সরবরাহব্যবস্থার আধুনিকায়ন জরুরি। তিনি বলেন, মার্কিন কোম্পানিগুলো দক্ষতা ও নতুন প্রযুক্তির মাধ্যমে এই শিল্পসক্ষমতাকে আরও জোরদার করছে এবং এ ধরনের উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের গভীরতা প্রকাশ করে।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, এভারি ডেনিসনের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলো কেবল অর্থ বিনিয়োগ করছে না, তারা দেশের শিল্পে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান নিয়ে আসছে। এ ধরনের অটোমেশন বাংলাদেশের তৈরি পোশাক খাতের বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় মোয়াজ্জেম হোসেন সম্ভাব্য মার্কিন উদ্যোক্তাদের পটুয়াখালী ও যশোরে নির্মাণাধীন নতুন দুটি ইপিজেডে বিনিয়োগের আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের মালিকানাধীন প্যাক্সার বাংলাদেশ ২০০৩ সাল থেকে ঢাকা ইপিজেডে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং প্রায় দেড় হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
