EN ☀️
×

Follow Us

বাণিজ্য

পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ইসলামী ব্যাংকের সামনে রণক্ষেত্র, আহত ২৫

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম

পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ইসলামী ব্যাংকের সামনে রণক্ষেত্র, আহত ২৫

ছবি: সংগৃহীত

অ অ

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী এবং ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ‘সচেতন গ্রাহক ফোরাম’ অবস্থান কর্মসূচি শুরু করলে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া ‘ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী’ ব্যানারের লোকজনের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

‘সচেতন গ্রাহক ফোরাম’ জানায়, পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকে এস আলমের কথিত হস্তক্ষেপের প্রতিবাদে তারা বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। ফোরামের অভিযোগ, কর্মসূচি শুরু হওয়ার পর আগে থেকে অবস্থান নেওয়া চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষের লোকজন শেয়ারহোল্ডার ও গ্রাহকদের ওপর হামলা চালায়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নূর নবী মানিক এক বিবৃতিতে অভিযোগ করেন, তাদের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচিতে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষের লোকজন হামলা চালিয়েছে। তিনি হামলার ভিডিও ফুটেজ ও ছবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তার দাবি, পুলিশের সামনে গ্রাহকদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।


অন্যদিকে, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে শহিদুল ইসলাম দাবি করেন, জীবনের অধিকার ও চাকরি পুনর্বহালের দাবিতে তারা টানা দ্বিতীয় দিনের মতো ব্যাংকের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সেখানে উপস্থিত হওয়ার ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে ‘গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

শহিদুল ইসলাম বলেন, “আমরা কারও পক্ষ নিয়ে আসিনি। শুধুমাত্র জীবন-জীবিকার তাগিদে ন্যায্য দাবি জানাতে দাঁড়িয়েছিলাম। কিন্তু সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে আমাদের অন্তত ২৫ জন কর্মকর্তা-কর্মচারীকে আহত করা হয়েছে।”

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

আরও পড়ুন