EN ☀️
×

Follow Us

খেলা

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল: টাইব্রেকার হলে জিতবে কে?

নিয়মিত সময়ে ড্র রাখতে পারলেই আর্জেন্টিনার জয় প্রায় নিশ্চিত—পরিসংখ্যান বলছে পেনাল্টি শুটআউটে স্পেনের চেয়ে বহুগুণ এগিয়ে মেসিরা

ইমন ইসলাম

ইমন ইসলাম

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:১২ এএম

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল: টাইব্রেকার হলে জিতবে কে?

পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের উপস্থিতি প্রতিপক্ষদের মনে ভীতি জাগায়। ছবি: এপি

অ অ

লুসাইল স্টেডিয়ামের সেই রাতটা কি ফুটবলপ্রেমীরা কখনো ভুলতে পারবেন? কাতার বিশ্বকাপের ফাইনালে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকের পরও শেষ হাসি হেসেছিল আর্জেন্টিনা, কারণ ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। পেনাল্টি শুটআউট যেন আর্জেন্টিনার জন্য এক অভেদ্য লাইফলাইন।

রবিবার রাতের ফাইনালে লুইস দে লা ফুয়েন্তের স্পেনকে রুখতে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা যদি ১২০ মিনিট পর্যন্ত ম্যাচ ড্র রাখতে পারে, তাহলেই কেল্লাফতে। কারণ ম্যাচ যদি টাইব্রেকারে গড়ায়, তাহলে পরিসংখ্যান স্পষ্টভাবে এগিয়ে রাখছে আর্জেন্টিনাকে। কেন স্প্যানিশ তরুণদের জন্য পেনাল্টি শুটআউট এক দুঃস্বপ্ন হতে পারে, তা নিয়েই এই বিশ্লেষণ।

টাইব্রেকার মানেই কেবল বল আর জালের লড়াই না, এটা আসলে স্নায়ুর যুদ্ধ। আর এই যুদ্ধের সবচেয়ে বড় নাম এমিলিয়ানো 'দিবু' মার্তিনেস। কাতার বিশ্বকাপের ফাইনালে কিংসলে কোমান বা অহেলিয়াঁ চুয়ামেনিদের যেভাবে তিনি মানসিকভাবে নাচিয়েছিলেন, তা ফুটবল ইতিহাসে এখনো আলোচিত। স্পেনের ১৯ বছরের ইয়ামাল বা নিকো উইলিয়ামসরা যখন শট নিতে আসবেন, পোস্টের নিচে দিবুর বিশাল শরীর আর মানসিক চাপ তাদের পা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে।

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি শুটআউটে ফ্রান্সের একটি শট ঠেকিয়ে দিচ্ছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ছবি: এপি 

পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষে কথা বলছে। জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক শুটআউটে দিবু মোট ২৪টি পেনাল্টির মুখোমুখি হয়েছেন। এর মধ্যে সরাসরি সেভ করেছেন ৯টি, ২টি লেগেছে পোস্টে, ১টি সম্পূর্ণ মিস হয়েছে প্রতিপক্ষের। অর্থাৎ মোট ২৪টির মধ্যে মাত্র ১২টি গোল হয়েছে তার বিপক্ষে—গোল করার হার মাত্র ৫০ শতাংশ, যা বিশ্বফুটবলে বিরল এক রেকর্ড। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ও ফ্রান্সের বিপক্ষে ফাইনালে শুটআউটেই মেসিরা বিশ্বজয় করেছিলেন। জাতীয় দলের জার্সিতে দিবু এখনো কখনো শুটআউটে হারেননি।

স্পেনের ইতিহাস ঠিক উল্টো। ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় মরক্কোর বিরুদ্ধে টাইব্রেকারে একটি গোলও করতে না পেরে বিদায় নিয়েছিল স্পেন। বড় মঞ্চে পেনাল্টি শুটআউটের চাপ সামলাতে স্পেনের ইতিহাস বরাবরই নড়বড়ে। স্পেনের গোলরক্ষক উনাই সিমন লা লিগায় ভালো খেললেও পেনাল্টি সেভ করার ক্ষেত্রে দিবুর মতো রেকর্ড তার নেই।

আর্জেন্টিনার পেনাল্টি-টেকারদের অভিজ্ঞতাও এখানে বড় সুবিধা। মেসি ছাড়াও লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল বা লাউতারো মার্তিনেসের মতো খেলোয়াড় আছেন, যারা সবচেয়ে বড় মঞ্চে পেনাল্টি থেকে গোল করার অভিজ্ঞতা রাখেন। স্পেনের তরুণ দলটির এত বড় ফাইনালে টাইব্রেকার সামলানোর কোনো অভিজ্ঞতা এখনো নেই। এই অভিজ্ঞতার ঘাটতিই তাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে।

স্পেনের গোলরক্ষক উনাই সিমন। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন তিনি, তবে বড় মঞ্চে পেনাল্টি শুটআউট সামলানোর অভিজ্ঞতা এখনো তার কম। ছবি: এপি 

গোলরক্ষকদের এবারের টুর্নামেন্টের পরিসংখ্যানও আলাদা গল্প বলছে। স্পেনের উনাই সিমন এবার দুর্দান্ত ফর্মে আছেন—ফাইনালের আগ পর্যন্ত মাত্র ১টি গোল হজম করেছেন পুরো টুর্নামেন্টে, যা এই আসরের সেরা রক্ষণাত্মক রেকর্ডগুলোর একটি। অন্যদিকে আর্জেন্টিনার রক্ষণ এবার তুলনামূলক বেশি নড়বড়ে ছিল— দিবু হজম করেছেন প্রায় ৭টি গোল। অর্থাৎ নিয়মিত সময়ে স্পেনের আক্রমণ ঠেকানো আর্জেন্টিনার জন্য সহজ হবে না। তবে ম্যাচ যদি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়, তখন সেই পরিসংখ্যান পুরোপুরি উল্টে যায় আর্জেন্টিনার পক্ষে।

সেরা গোলরক্ষকের পুরস্কার (গোল্ডেন গ্লাভ) নিয়েও এবার জমজমাট লড়াই এই দুজনের মধ্যেই। ২০২২ কাতার বিশ্বকাপে এই পুরস্কার জিতেছিলেন দিবু মার্তিনেসই। এবার ফাইনালের আগে ছয়টি ক্লিনশিট নিয়ে এই দৌড়ে স্পষ্ট এগিয়ে উনাই সিমন। তবে ইতিহাস বলছে, শেষ পর্যন্ত যে দল শিরোপা জেতে, তাদের গোলরক্ষকই বেশিরভাগ সময় এই পুরস্কার নিয়ে যান। তাই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে টানা দ্বিতীয়বারের মতো সেরা গোলরক্ষকের খেতাবও উঠতে পারে দিবুর হাতেই— যা কোনো গোলরক্ষক আগে কখনো করে দেখাননি।

ট্যাকটিক্যালি আর্জেন্টিনা যদি স্পেনের আক্রমণকে ১২০ মিনিট পর্যন্ত আটকে রাখতে পারে, টাইব্রেকারে জয় তখন অনেকটাই সময়ের ব্যাপার। কাতার বিশ্বকাপের সেই ভূতের মুখোমুখি হতে স্পেন কতটা প্রস্তুত, নাকি মেসির শেষ বিশ্বকাপে টাইব্রেকারই লিখে দেবে আর্জেন্টিনার ভাগ্য— তার উত্তর মিলবে বাংলাদেশ সময় সোমবার রাত ১টায়।

আরও পড়ুন