কারখানাকর্মী থেকে বিশ্বকাপের নায়ক ডেনিজ উন্দাভ
একসময় ভোর ৪টায় উঠে কারখানায় ৮ ঘণ্টা কাজ করতেন, এখন জার্মানিকে বিশ্বকাপের নকআউটে নিয়ে গেলেন ডেনিজ উন্দাভ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
টানা দুই আসরের গ্রুপ পর্বের ব্যর্থতা কাটিয়ে এবার বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে জার্মানি। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের জয়ে জোড়া গোল করে দলের নায়ক হয়েছেন ডেনিজ উন্দাভ। কিন্তু এই তারকার জীবনের গল্পটা মাঠের চেয়েও বেশি নাটকীয়।
মাত্র কয়েক বছর আগেও ভোর ৪টায় ঘুম থেকে উঠে কারখানায় ৮ ঘণ্টা কাজ করতেন উন্দাভ। ফুটবল থেকে আসত সপ্তাহে মাত্র ১২০ পাউন্ড, যা দিয়ে জীবন চলত না।
বেলজিয়ান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ভোর ৪টার দিকে উঠতাম। কারখানায় যেতাম, তারপর অনুশীলনে। রাত ৮টার দিকে বাড়ি ফিরতাম।’
মাত্র ১৪ বছর বয়সে ভের্ডার ব্রেমেন তাকে বলেছিল— ছোটখাটো গড়নের কারণে ফুটবলে তার ভবিষ্যৎ নেই। সেই প্রত্যাখ্যান ভেঙে দিয়েছিল কিশোর উন্দাভকে। কিন্তু হার মানেননি তিনি। ১৭ বছর বয়সে পরিবার ছেড়ে জার্মানির চতুর্থ বিভাগের ক্লাব হাভেলসেতে যোগ দেন।
এই বিশ্বকাপেও উন্দাভকে ঘিরে বিতর্ক ছিল। বদলি হিসেবে নেমে গোল করার পর তিনি বলেছিলেন, শুরুর একাদশেও তার জায়গা পাওয়া উচিত। কোচ জুলিয়ান নাগেলসমান তখন বলেছিলেন, শুরু থেকে খেললে হয়তো ওই গোলটিই হতো না। কিন্তু আইভরি কোস্ট ম্যাচের পর নাগেলসমান নিজেই স্বীকার করেছেন, উন্দাভকে শুরুর একাদশে রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন তিনি।
২০২০ সালে বেলজিয়ামের ইউনিয়ন সেন্ট-জিলোয়াজে যোগ দেওয়ার পর থেকেই বদলাতে শুরু করে উন্দাভের ভাগ্য। এখন জার্মান জার্সিতে তার চোখে আরও বড় স্বপ্ন।
