হ্যাটট্রিকে গোল্ডেন বুটের শীর্ষে মেসি, পিছিয়ে নেই হলান্ড-এমবাপে-কেইন
আলজেরিয়ার বিপক্ষে তিন গোল; বিশ্বকাপে মেসির মোট গোল এখন ১৬, পিছিয়ে নেই কেইন-হলান্ড-এমবাপেও
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই শুরু থেকেই জমে উঠেছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে তালিকার শীর্ষে উঠে গেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে তার তিন গোলে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এই হ্যাটট্রিকে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। এর মধ্য দিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের বিশ্বকাপ সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন মেসি।
গোল্ডেন বুটের দৌড়ে মেসির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী কানাডার জোনাথন ডেভিড। কাতারের বিপক্ষে হ্যাটট্রিক করে তিন গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে এটি তার ৭৯ ম্যাচে ৪২তম গোল।
দুই গোল করে যৌথ তৃতীয় অবস্থানে রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহা, ইংল্যান্ডের হ্যারি কেইন, ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং নরওয়ের আর্লিং হলান্ডসহ আরও কয়েকজন।
ফ্রান্সের হয়ে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে এমবাপে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন। আর ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের হয়ে প্রথম ম্যাচেই দুই গোল করেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হলান্ড।
টুর্নামেন্টে এখনও অনেক পথ বাকি। তবে শুরু থেকেই মেসি, এমবাপে, কেইন, হলান্ড ও ভিনিসিয়ুসদের গোল উৎসব ইঙ্গিত দিচ্ছে, এবারের গোল্ডেন বুটের লড়াই হবে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
