EN ☀️
×

Follow Us

রাজনীতি

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: প্রিন্স

ডেইলি সান রিপোর্ট, ময়মনসিংহ

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: সংগৃহীত

অ অ

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় গৌরব, আত্মমর্যাদা ও স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিজয়ের প্রতীক।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। অন্যদিকে শেখ হাসিনার মুখপাত্র জানিয়েছেন, তিনি একই দিনে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান। একই সময়কে ঘিরে আওয়ামী লীগের নাশকতার চেষ্টার বিষয়টিও বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। প্রশ্ন তুলে তিনি বলেন, শেখ হাসিনার মাধ্যমে কি তারা বাংলাদেশ দখল করতে চায়?

তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন। এটি কোনো বিদেশি শক্তি বা তাদের দোসরদের আধিপত্য বিস্তারের দিন নয়। বিজয় দিবসের মর্যাদা ক্ষুণ্ন করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। 

 

পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন প্রিন্স। তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশ শত্রুতা নয়, বন্ধুত্ব চায়। তবে সেই বন্ধুত্ব হতে হবে সমতা, পারস্পরিক মর্যাদা এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিতে হবে। যে স্বার্থবাদী ও ক্ষমতালোভী নেতৃত্ব তাদের বিপদের মুখে ফেলে বিদেশে পালিয়ে গেছে, তাদের নির্দেশে আবারও আইনবিরোধী কাজে জড়িয়ে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ বিপন্ন করা উচিত নয়।

প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র স্বার্থ ভুলে বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য জোরদার করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিজয় দিবস ঘিরে সন্ত্রাস ও নাশকতার যেকোনো চেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকার অনুরোধ জানান। 

কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব নুরুল ইসলাম।

এতে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, উপজেলা বিএনপি নেতা রেজাউল আহসান, আবুল কালাম আজাদ, আলী মাহমুদ, ইফতার রসুল খোকন, তারিকুল ইসলাম চঞ্চল, রফিকুল ইসলাম, রুহুল আমিন খান, আব্দুল হান্নান, আবুল কাশেম ও নূরে আলম জনি।

আরও পড়ুন