EN ☀️
×

Follow Us

রাজনীতি

গণভোটের রায় অস্বীকার করায় রাজনৈতিক সংকট: বিরোধীদলীয় নেতা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

গণভোটের রায় অস্বীকার করায় রাজনৈতিক সংকট: বিরোধীদলীয় নেতা

ছবি: সংগৃহীত

অ অ

গণভোট ও জনগণের রায়কে অস্বীকার এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ ও জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এক অনানুষ্ঠানিক চা-চক্রে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরে প্রধানমন্ত্রী সংসদে জাতীয় ঐক্যের আহ্বান জানান, যা তিনি সম্মানের সঙ্গে দেখেন।

তবে এই ঐক্য যেন ক্ষণস্থায়ী বা সাময়িক না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘আমাদের টেকসই ঐক্যের দিকে যেতে হবে।’

চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে দূরত্ব তৈরির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গণভোট ও জনগণের রায়কে অস্বীকার এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করে সংবিধান সংশোধন পরিষদ গঠনের কারণেই সংকট তৈরি হয়েছে। এসব বিষয় পরিষ্কার করা হলে দেড় যুগ ধরে তাণ্ডব চালানো ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ পাবে না। রাজনীতি করতে হলে মাফিয়া আচরণ ছেড়ে রাজনৈতিক ধারায় ফিরে আসতে হবে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে প্রশ্ন করা হলে ডা. শফিকুর রহমান তাকে পলাতক প্রধানমন্ত্রী ও ফ্যাসিবাদের জন্মদাতা হিসেবে আখ্যায়িত করেন।

তিনি প্রশ্ন তোলেন, বিচারিক প্রক্রিয়া চলার সময় তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে হাজির হননি, এমনকি আপিলও করেননি। এখন তার কোন কথা মানুষ বিশ্বাস করবে?

জামায়াত আমির আরও বলেন, গোপালগঞ্জে হত্যাকাণ্ড এবং থানা লুট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তাদের ফ্যাসিবাদী চরিত্রের পরিবর্তন হয়নি বলে প্রমাণিত হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে যুবসমাজ ও সাধারণ মানুষ তাদের বিদায় করেছিল, তারা এখনো জীবিত আছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন