মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, মেরুদণ্ডে অস্ত্রোপচার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
মেরুদণ্ডের জটিল সমস্যার উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বুধবার (১১ নভেম্বর) সেখানে তার মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে বিষয়টি জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
পারিবারিক ও দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন কারাভোগের সময় বাবর মেরুদণ্ডের তীব্র ব্যথা, কিডনির সমস্যা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হন। কারামুক্তির পর দেশে চিকিৎসা নিলেও বিশেষজ্ঞদের পরামর্শে সম্প্রতি তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে দেশ ও জনগণের সেবায় ফিরতে চান বলে জানিয়েছেন বাবর।
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান বলেন, দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
