EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বেতাগীতে রাতের আঁধারে শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগের তালা, ভাঙলেন বিএনপি নেতাকর্মীরা

ডেইলি সান রিপোর্ট, বরগুনা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

বেতাগীতে রাতের আঁধারে শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগের তালা, ভাঙলেন বিএনপি নেতাকর্মীরা

ছবি: ডেইলি সান

অ অ

বরগুনার বেতাগী উপজেলায় রাতের আঁধারে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ ভবনের প্রধান ফটকে শিকল দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সকালে কয়েকটি প্রতিষ্ঠানের ফটক থেকে তালা ও শিকল ভেঙে দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ ভবনের প্রধান ফটকে শিকল দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। কয়েকটি প্রতিষ্ঠানের ফটকে কাগজে লিখে রাখা হয়, ‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে। দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার বারবার দরকার।’

সরেজমিনে দেখা গেছে, বেতাগী সরকারি কলেজ, বিবিচিনি ইউনিয়নের বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ ও পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ ইউনিয়নের হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ ভবন, মোকামিয়া ইউনিয়নের মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ ভবন এবং বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে শিকল-তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এসব তালা ঝুলিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে সিফাত সিকদার বা সংশ্লিষ্ট অন্য কারও বক্তব্য পাওয়া যায়নি।

বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) কমলেশ চন্দ্র শীল বলেন, সকালে বিদ্যালয়ের প্রধান ফটকে শিকল ও তালা ঝুলতে দেখা যায়। খবর পেয়ে বিবিচিনি ইউনিয়নের বিএনপি নেতা মো. শামীম সিকদার সেখানে গিয়ে তালা ও শিকল ভেঙে দেন।

অভিভাবকেরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জায়গা নয়। এ ধরনের কর্মকাণ্ডে শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা, নাকি অন্য কোনো দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে থানা-পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

আরও পড়ুন