শত নির্যাতনেও সালাউদ্দিন আহমেদ আদর্শ থেকে বিচ্যুত হননি: রিজভী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের মুখেও সালাউদ্দিন আহমেদ তাঁর রাজনৈতিক আদর্শ ও দলের নীতি থেকে বিচ্যুত হননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, নানা নির্যাতন-নিপীড়নের পরও সালাউদ্দিন আহমেদ বিচলিত হননি। তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা অনেক জাতীয় নেতাও স্থাপন করতে পারেননি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
সালাউদ্দিন আহমেদের মৃত্যু নিয়ে রিজভী অভিযোগ করে বলেন, তাঁর প্রয়াণ স্বাভাবিক নয়; বরং জেল-জুলুম ও নির্যাতনের ফল। তিনি অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। তাঁর বয়সও খুব বেশি হয়নি। বরকতুল্লাহ বুলু ও আব্দুস সালামের মতো নেতাদের চেয়েও তিনি বয়সে ছোট ছিলেন। তাঁর অকালমৃত্যু নির্যাতন-নিপীড়নের কারণে ক্ষতবিক্ষত হয়ে আসা জীবনের পরিণতি বলে মন্তব্য করেন রিজভী।
২০২৩ সালের অক্টোবরের আন্দোলনের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ওই সময় সালাউদ্দিন আহমেদকে অত্যন্ত নির্মমভাবে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল। কারাগারে বারবার অসুস্থ হয়ে পড়লেও তাঁকে জামিন দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
দেশজুড়ে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়নের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সালাউদ্দিন আহমেদও সেই নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও নির্যাতন ও অন্তরীণ করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, দেশে বর্তমানে যে গণতান্ত্রিক ও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, তা বেশিদিন উপভোগ করতে পারলেন না সালাউদ্দিন আহমেদ। তবে নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ হিসেবে তিনি অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। দলের নীতি, কর্মসূচি ও নেতৃত্বের প্রতি তাঁর একাগ্রতা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মীদের জন্য প্রেরণা হয়ে থাকবে।
সালাউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে রিজভী বলেন, যতদিন তাঁরা বেঁচে থাকবেন, ততদিন সালাউদ্দিন আহমেদের আদর্শ তাঁদের কাছে প্রেরণা হয়ে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইসরাক হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিবুন্নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

