EN ☀️
×

Follow Us

রাজনীতি

জনগণকে দেওয়া কোনো ওয়াদা বিএনপি ভোলেনি: প্রিন্স

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

জনগণকে দেওয়া কোনো ওয়াদা বিএনপি ভোলেনি: প্রিন্স

হালুয়াঘাটে ইউনিয়ন বিএনপির যৌথ সভায় বক্তব্য দিচ্ছেন যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স। ছবি: সংগৃহীত

অ অ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণকে দেওয়া কোনো ওয়াদা বিএনপি ভোলেনি, অস্বীকারও করছে না। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতাদের যৌথ সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির বিরুদ্ধে নির্বাচনপূর্ব ওয়াদা ভুলে যাওয়ার অভিযোগ তুলে বিরোধী দলের এক নেতা সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা করেই তিনি এ মন্তব্য করেন।

প্রিন্স বলেন, নির্বাচন পূর্ব সময় ছাড়াও গত ১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে এবং প্রতিষ্ঠার পর থেকে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, ওয়াদা ভঙ্গের ইতিহাস বিএনপির নেই।

সভায় প্রিন্স বলেন, জনগণকে দেওয়া বিএনপির ওয়াদা নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, আগে তাঁদের নিজেদের দ্বৈতনীতি জনগণের সামনে পরিষ্কার করা উচিত। তিনি বলেন, একদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি, অন্যদিকে সেই সনদ বাস্তবায়নে সংসদীয় ও সাংবিধানিক প্রক্রিয়ায় অংশ না নেওয়া—এ কেমন রাজনীতি?

প্রিন্স বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং এর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। জুলাই সনদসহ জনগণকে দেওয়া বেশ কিছু প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, ধর্মীয় গুরুদের আর্থিক প্রণোদনা, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, জ্বালানি তেল-গ্যাসের সংকট নিরসন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল অনুমোদন। তালিকায় আরও আছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি-লুটপাট ও ক্রসফায়ার-গুমসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধ, মানবিক বাজেট, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার, বেকার যুবকদের কর্মসংস্থান, বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ, গ্রাম-শহরে সুষম উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়ন।

বিরোধী দলের নেতাদের প্রতি জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, বাইরে দাঁড়িয়ে ওয়াদা নিয়ে প্রশ্ন না তুলে আসুন, জুলাই সনদ বাস্তবায়নের সংসদীয় ও সাংবিধানিক প্রক্রিয়ায় অংশ নিন।

তিনি বলেন, সমালোচনা করার অধিকার সবার আছে, কিন্তু জনগণকে বিভ্রান্ত করার অধিকার কারও নেই। বিএনপি কথায় নয়, কাজে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে।

বিরোধী দলের আন্দোলন ও দাবি প্রসঙ্গে প্রিন্স বলেন, বিরোধী দলের কাছে আমার সহজ প্রশ্ন, আপনাদের দাবি আসলে কত দফা? কিছুদিন আগে ছিল ৬ দফা, গতকাল শুনলাম ৭ দফা, আজ ৮ দফার কথা বলা হচ্ছে। আবার বলছেন, শেষ পর্যন্ত এক দফায় যাবেন। তাহলে জনগণ কী বুঝবে—দাবি নিয়ে আন্দোলন, নাকি আন্দোলনের জন্য দাবি?

হালুয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলী, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলী, আব্দুল হাই, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, কাজিম উদ্দিন, শফিকুর রহমান ও মোনায়েম হোসেন খান খোকনসহ হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

সভায় ময়মনসিংহ উত্তর জেলার ফুলপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হেলালউদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনায় সভায় মোনাজাত করা হয়।

আরও পড়ুন