মাদক-জুয়া থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: প্রিন্স
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
হালুয়াঘাটের দড়িনগুয়া ইটখোলা মাঠে ফুটবল ফাইনালে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স। ছবি: সংগৃহীত
মাদক-জুয়া থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাটের দড়িনগুয়া ইট খোলা মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বত্র মাঠে মাঠে খেলাধুলার উৎসব শুরু হয়েছে। এই উপলব্ধি থেকেই সরকার রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের বিস্তার ঘটিয়েছে।
প্রিন্স বলেন, উন্নত বিশ্বের মতো তরুণ সমাজ যাতে ক্রীড়া ও সংস্কৃতিকে সম্মানজনক পেশা হিসেবেও বেছে নিতে পারে, সরকার সেই উদ্যোগ নিয়েছে। খেলাধুলায় প্রতিভাবানরা শুধু বিনোদনের জন্য নয়, ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে। পাশাপাশি কোচিং, রেফারিং, ফিটনেস, ক্রীড়া ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের মতো ক্ষেত্রেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তিনি জানান, প্রতি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী বছর থেকে শিক্ষা পাঠ্যক্রমে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে নতুন প্রজন্ম শুধু পরীক্ষামুখী নয়, শারীরিকভাবে সক্ষম, মানসিকভাবে সুস্থ ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠবে। শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির সমন্বয়েই একটি ভারসাম্যপূর্ণ প্রজন্ম তৈরি সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
প্রিন্স বলেন, যুবকদের শুধু চাকরির পেছনে ছুটলে চলবে না; নিজেদের প্রতিভা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলতে হবে। আজ দড়িনগুয়ার মাঠে যারা খেলছে, তাদের মধ্য থেকেই আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হতে পারে। এজন্য প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান তরুণদের প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও উপযুক্ত সুযোগ করে দিতে হবে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরিফিন পাপন, বিএনপি নেতা আলতাফ হোসেন, আব্দুল মোতালেব ও সৈয়দুজ্জামান।