ভোটের অধিকার যেন কেউ ছিনতাই করতে না পারে: তারেক রহমান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমনকি তাদের দলের লোকজন জাল সিল বানাতে গিয়ে ধরাও পড়েছে।
এই অবস্থায় ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার যেন কেউ ছিনতাই বা বাক্সবন্দি করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় মাঠে ঢাকা-১৪ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একটি বিশেষ দল মুক্তিযুদ্ধের সময় যেমন এ দেশের মানুষের বিপক্ষে ছিল, তেমনি নব্বইয়ের গণ-আন্দোলনের সময়ও জনগণকে উপেক্ষা করে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিয়েছিল। বারবার জনগণকে ফেলে চলে যাওয়ার নজির তাদের রয়েছে।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনাদের রায় যেন কেউ পাল্টে দিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা ভোটের অধিকার এবং কথা বলার অধিকার ফিরে পেয়েছি। এবার সুযোগ এসেছে এই অধিকারকে দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে লাগানোর।
তারেক রহমান তার বক্তব্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, ক্ষমতায় গেলে তরুণ ও যুবসমাজকে দক্ষ করে তুলতে ঢাকার প্রতিটি আসনে অন্তত একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (ভোকেশনাল ট্রেনিং সেন্টার) গড়ে তোলা হবে।
এছাড়া প্রবাসী শ্রমিকদের সুবিধার্থে তিনি বলেন, ‘বিদেশে যাওয়ার জন্য কাউকে যেন পৈতৃক সম্পত্তি বিক্রি করতে না হয়, সে জন্য সরকার থেকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে।’
নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি এলাকায় ‘হেলথ কেয়ারার’ নিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি, যাতে প্রাথমিক চিকিৎসার জন্য কাউকে হাসপাতালে দৌড়াতে না হয়।
-6988ae5f95743.jpg)