EN ☀️
×

Follow Us

মতামত

এক ইস্যুতে বন্দী থাকতে পারে না বাংলাদেশ-ভারত সম্পর্ক

অমীমাংসিত ইস্যুকে পাশে রেখেও অন্য বিষয় নিয়ে আলোচনা করা যায়। এটাই কূটনৈতিক রীতি

অদিতি করিম

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ এএম

এক ইস্যুতে বন্দী থাকতে পারে না বাংলাদেশ-ভারত সম্পর্ক

অদিতি করিম

অ অ

যেকোনো দেশের উন্নয়ন, শান্তি এবং স্থিতিশীলতার জন্য প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক অত্যন্ত জরুরি। প্রতিবেশীর সঙ্গে মর্যাদাপূর্ণ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি দেশের অগ্রগতির পূর্বশর্ত। কিন্তু বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন স্বাভাবিক নয়। মাত্র একটি ইস্যুতে অবিশ্বাস আর মতপার্থক্য দুই দেশের স্বাভাবিক সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অথচ নিকটতম এই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের রয়েছে বেশ কিছু দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়।

প্রতিবেশীর সঙ্গে নানা বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু একটি ইস্যুতে অনৈক্য সবকিছু বন্ধ করে দিতে পারে না। অমীমাংসিত ইস্যুকে পাশে রেখেও অন্য বিষয় নিয়ে আলোচনা করা যায়। এটাই কূটনৈতিক রীতি। কিন্তু এখন দুই দেশের সম্পর্ক এমন এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে একটি বিষয় সবকিছু আটকে দিয়েছে।

এই মুহূর্তে বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় হলো গঙ্গা চুক্তি নবায়ন। ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠকে ২০২৬ সালের বার্ষিক বাস্তবায়ন প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। কিন্তু আগামী ১২ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া ৩০ বছর মেয়াদি চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো রাজনৈতিক সংলাপের সূচি নির্ধারিত হয়নি। গত ২২ ও ২৩ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মো. আনোয়ার কাদির এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন শরদ চন্দ্র। এই বৈঠকে ২০২৬ সালের শুষ্ক মৌসুমে গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, এই যৌথ কমিটি কেবল কারিগরি পর্যবেক্ষণ, ফারাক্কা ও হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের প্রবাহ পরিমাপ এবং তথ্য যাচাইয়ের কাজ করে। চুক্তি নবায়ন বা নতুন চুক্তির নীতিগত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই কমিটির নেই।

কূটনৈতিক সূত্র বলছে, হাতে থাকা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ নতুন ও সংশোধিত দীর্ঘমেয়াদি চুক্তির খসড়া চূড়ান্ত করা বাস্তবসম্মত নয়।

বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষাপটে ২০২৭ সালের জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া শুষ্ক মৌসুমে চুক্তিহীন শূন্যতা এড়াতে পারস্পরিক কূটনৈতিক সম্মতির ভিত্তিতে ৩ থেকে ৫ বছরের জন্য একটি অন্তর্বর্তী মেয়াদ বৃদ্ধি হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান। তবে এখন পর্যন্ত দুই সরকারের পক্ষ থেকে কোনো অন্তর্বর্তী কাঠামোর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

শুধু গঙ্গার পানি বণ্টন নয়, দুই দেশের মধ্যে অনেক জরুরি বিষয় আটকে আছে। যার সমাধান হওয়াটা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আলাপ-আলোচনার মাধ্যমে পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে এই ইস্যুগুলোর সমাধান জরুরি। এই মুহূর্তে দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য কয়েকটি বিষয়ে বিশেষ নজর দিতে হবে।

তিস্তার পানি বণ্টন চুক্তিও দীর্ঘদিন ধরে ঝুলে আছে। মূলত মমতা ব্যানার্জির আপত্তির কারণেই এই চুক্তি এখনো কার্যকর হয়নি। এখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আছে। তাই এই চুক্তি দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। এটি বিএনপির একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার। বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এর মধ্যে পদ্মা এবং কুশিয়ারা ছাড়া আর কোনো নদীর পানি বণ্টনের চুক্তি নেই। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো সব অভিন্ন নদীর পানিবণ্টনে ন্যায্য হিস্যা আদায় করা। কিন্তু এসব নিয়ে এখনো আলোচনাই শুরু করতে পারেনি সরকার। তাই বন্দী প্রত্যর্পণ নিয়ে সবকিছু অচল করে দেওয়া যাবে না। আলাপ-আলোচনার মাধ্যমে পানি বণ্টন সমস্যাসহ সব সমস্যার সম্মানজনক সমাধানের পথ খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে ভারতকে অবশ্যই আন্তরিক হতে হবে।

বাংলাদেশ থেকে যারা ভারতে পালিয়ে গেছে, তাদের ব্যাপারে ভারতকে দ্রুত এবং পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে।


বাংলাদেশ-ভারত সীমান্ত উত্তেজনা কমাতে হবে। সীমান্ত হত্যা এবং পুশইনের বিষয়ে দুই দেশকে আলোচনার টেবিলে বসতে হবে। একতরফা কোনো কিছু করলে তা সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে।

২৪-এর আগস্টের পর দুই দেশের অভ্যন্তরে অন্য দেশের বিরুদ্ধে তৎপরতা বেড়েছে। এটা দুই দেশের নিরাপত্তা, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি। ভারতে বসে অনেকে যেমন বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র করছে, একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে তৎপরতায় লিপ্ত। ঠিক তেমনি বাংলাদেশের ভেতরও ভারতবিদ্বেষ ছড়ানো হচ্ছে। সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়ার হুমকি কিংবা ভারত দখলের মতো দায়িত্বহীন উক্তি দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। কোনো দেশের ভূখণ্ডই প্রতিবেশীর শান্তি, নিরাপত্তা ও অখণ্ডতার জন্য হুমকি হতে পারে না। দুই দেশকেই অঙ্গীকার করতে হবে যে, তাদের মাটি বিচ্ছিন্নতাবাদীদের অভয়ারণ্য হবে না।

দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে হবে। বিশ্বের অন্যান্য প্রতিবেশী দেশগুলো যেমন পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সহযোগিতা করে, তেমনি বাংলাদেশ-ভারতের বাণিজ্য সহজীকরণসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর ভারত বাংলাদেশের জন্য বন্দর ব্যবহারসহ বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বাংলাদেশে এখন জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের উচিত একতরফাভাবে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

একতরফা কোনো কিছু করলে তা সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে। সবচেয়ে বড় কথা হলো, দুই প্রতিবেশীর মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ উন্মুক্ত রাখতে হবে। যেকোনো ইস্যুতে যেন দুই দেশ কথা বলতে পারে, সেরকম একটি সার্বক্ষণিক কূটনৈতিক প্রয়াস অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে নেপাল আমাদের সামনে একটি বড় উদাহরণ হতে পারে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বারবার একটি দাবি জানিয়ে আসছেন, তা হলো শক্তিধর প্রতিবেশীরা যেন তাঁর দেশকে সমান মর্যাদা দেয়। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম তিনি ভারতের রাজধানী দিল্লি সফর করলেন। এই সফরের মধ্য দিয়ে তাঁর সেই নীতির পরীক্ষা হলো। বছরের পর বছর ধরে সম্পর্কে যে চিড় ধরেছিল, তা এবার দুই পক্ষই নতুন করে শুরু করতে চেয়েছে।

দুই নেতাই সম্পর্কের উষ্ণতা তুলে ধরতে বদ্ধপরিকর ছিলেন বলে মনে হয়েছে। তাঁরা উপহার বিনিময় করেছেন। একসঙ্গে গার্ড অব অনার পরিদর্শন করেছেন। দুই দেশের মধ্যে চলাচলের জন্য নতুন একটি ট্রেনও যৌথভাবে উদ্বোধন করেছেন তাঁরা।

তবে নেপালের জন্য এই সফরের গুরুত্ব কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর চেয়ে অনেক বেশি ছিল। দুই দেশ বেশ কয়েকটি চুক্তির ঘোষণা দিয়েছে। এসব চুক্তি বাণিজ্য, জলবিদ্যুৎ, পরিবহন ও নেপালি তরুণদের শিক্ষাসংক্রান্ত। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেপালের জন্য ভারত ১৬০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। নেপালের বর্তমান সরকার ভারতের বিরোধিতা করেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেটা যেমন দেশের জনগণের স্বার্থে করেছিল, ঠিক তেমনই নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফরও ছিল নেপালের স্বার্থে।

বন্দি বিনিময় চুক্তির আওতায় একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ফেরত দেওয়া নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু প্রত্যর্পণের ইস্যুতে নয়, দুই দেশের সম্পর্কের অবনতির পেছনে কাজ করছে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি, যারা কৌশলগত কারণে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না। কিন্তু মনে রাখতে হবে, সবকিছু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী বদলানো সম্ভব নয়। আর প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখলে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো দেশই কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারে না।

আমরা জানি, প্রত্যর্পণের ইস্যুটির সঙ্গে আবেগ জড়িয়ে আছে। এই দাবি জোরালো এবং অব্যাহত থাকুক, পাশাপাশি অমীমাংসিত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হোক। কূটনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এমন কোনো বিষয় নেই, যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না। কাজেই আলোচনার দরজা খোলা রাখতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই নিজেদের দাবি আদায় করতে হবে।

অদিতি করিম: লেখক ও নাট্যকার

আরও পড়ুন