হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং বাংলাদেশের করা প্রত্যর্পণের অনুরোধ দুটি আলাদা বিষয়।
বুধবার (২৫ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থানের পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য ভ্রমণসংক্রান্ত নথি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশ সরকার বলেছে, প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে দেশে ফেরানো সম্ভব।
জয়সওয়াল জানান, বাংলাদেশের করা প্রত্যর্পণের অনুরোধ বিদ্যমান আইনি কাঠামোর আওতায় পরীক্ষা করা হচ্ছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’
তিনি আরও বলেন, ‘এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।’
এর আগে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে বাংলাদেশের অবস্থান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, প্রত্যর্পণ ছাড়া হাসিনার দেশে ফেরার সুযোগ নেই।
মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। ওই দিন তাঁর ১৬ বছরের শাসনের অবসান ঘটে।
বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। অন্য দণ্ডিত পলাতক আসামিদের মতো তাঁর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে রাজি আছেন বলে জানিয়েছেন।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া
