EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন পালটাপালটি হামলায় নিহত অন্তত ১০

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ এএম

রাশিয়া-ইউক্রেন পালটাপালটি হামলায় নিহত অন্তত ১০

ছবি: সংগৃহীত

অ অ

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পালটাপালটি হামলা অব্যাহত রয়েছে। রুশ হামলায় ইউক্রেনের অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।

শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগার এবং সামারা ও বাশকোর্তোস্তান অঞ্চলের দুটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হয়েছে নভোশাখতিনস্ক শোধনাগার। অন্য দুটি স্থাপনা অপরিশোধিত তেল পরিবহন ও সংরক্ষণ এবং তেল পাইপলাইন পাম্পিংয়ের কাজে ব্যবহৃত হয়।

অন্যদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। শহরটির মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, এতে কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভের একটি বিদ্যুৎ উপকেন্দ্র ও কিয়েভ অঞ্চলের একটি তাপবিদ্যুৎকেন্দ্রে হামলার কথা স্বীকার করেছে।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে রুশ হামলায় সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ ছাড়া কিয়েভে এক নারী নিহত এবং চারজন আহত হয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার দখলে থাকা জাপোরিঝঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি হাসপাতালের গাড়ির চালক ও এক নার্স নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন, যাঁদের মধ্যে হাসপাতালের প্রধান চিকিৎসক রয়েছেন। তবে ইউক্রেনের সামরিক প্রশাসনের দাবি, গত ২৪ ঘণ্টায় জাপোরিঝঝিয়ায় রুশ বাহিনীর ৭০০টির বেশি ড্রোন হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এ ছাড়া মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, আট ঘণ্টায় রাজধানীর দিকে আসা ১২৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে মস্কো ও আশপাশের অঞ্চলের দিকে মোট ৪৬২টি ড্রোন আসার খবর পাওয়া গেছে বলে দাবি করেছেন তিনি।

রাশিয়া বলেছে, তাদের হামলার লক্ষ্য ছিল সামরিক সংশ্লিষ্ট স্থাপনা। তবে ইউক্রেনের ছোড়া মোট ড্রোনের সংখ্যা কিংবা কতটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, সে বিষয়ে মস্কো কোনো তথ্য দেয়নি।

আরও পড়ুন