EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩
অ অ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ন্যাশনাল গার্ডের একটি ক্যাম্পে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে দেশটির পশ্চিমাঞ্চলের সানাম শহরে ভারী অস্ত্রে সজ্জিত বিপুলসংখ্যক হামলাকারী এ আক্রমণ চালায়। 

হামলার কারণ বা এর পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজারকে বাসিন্দা ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টার দিকে হামলা শুরু হয়। তখন গ্রিনিচ মান সময় (জিএমটি) ছিল ভোর ৪টা। বাংলাদেশ সময় অনুযায়ী তা সকাল ১০টা।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানায়, নিহত ও আহতের এই সংখ্যা প্রাথমিক হিসাব।

বিবৃতিতে দাবি করা হয়, হামলার জবাবে সেনাদের পাল্টা অভিযানে বেশ কয়েকজন আক্রমণকারী নিহত হয়েছে। একই সঙ্গে হামলাকারীদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। তবে তাদের কতজন মারা গেছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি।

ঘটনার পর পালিয়ে যাওয়া হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সানাম শহরটি নাইজারের তিলাবেরি অঞ্চলে অবস্থিত। প্রতিবেশী মালির সীমান্তসংলগ্ন এই এলাকা দীর্ঘদিন ধরেই নিরাপত্তাঝুঁকিতে রয়েছে। সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। ফলে সীমান্তবর্তী অঞ্চলটিতে দায়িত্ব পালনকারী সদস্যদের বড় ধরনের ঝুঁকি মোকাবিলা করতে হয়। তবে বৃহস্পতিবারের হামলার জন্য কোন গোষ্ঠী দায়ী, তা এখনো স্পষ্ট নয়।

এর মাত্র দুই দিন আগে, গত মঙ্গলবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ডিফা অঞ্চলে আরেকটি হামলায় ১১ সেনাসদস্য নিহত হন। আহত হন আরও পাঁচজন। বারোয়া গ্রামের কাছে একটি সামরিক টহল দল ওই আক্রমণের শিকার হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল। ওই অঞ্চলে বোকো হারামের পাশাপাশি তাদের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সও (আইএসডব্লিউএপি) সক্রিয় রয়েছে।

দুটি হামলার সরকারি হিসাব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২৪ জনে। অল্প সময়ের ব্যবধানে দেশের দুই প্রান্তে এমন প্রাণহানি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

২০২৩ সালের জুলাইয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা নেয় সেনাবাহিনী। তখন নিরাপত্তা পরিস্থিতির অবনতিকে অভ্যুত্থানের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছিলেন সামরিক নেতারা। তবে দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা এখনো থামেনি।

সশস্ত্র তৎপরতা মোকাবিলায় প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোর সঙ্গে ‘অ্যালায়েন্স অব সাহেল স্টেটস’ নামের জোটও গড়েছে নাইজার। দেশ দুটিতেও রয়েছে সামরিক নেতৃত্বাধীন সরকার এবং তারাও সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার সঙ্গে লড়ছে। সর্বশেষ সানামের ঘটনা সেই চ্যালেঞ্জকে আবারও সামনে নিয়ে এল।

আরও পড়ুন