EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইসরায়েলের গোপন পারমাণবিক ভাণ্ডারে ৯০ ওয়ারহেড, আরও ২৫০ তৈরির সক্ষমতা!

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ এএম

ইসরায়েলের গোপন পারমাণবিক ভাণ্ডারে ৯০ ওয়ারহেড, আরও ২৫০ তৈরির সক্ষমতা!

ছবি: সংগৃহীত

অ অ

পারমাণবিক অস্ত্রের মালিকানা নিয়ে কয়েক দশক ধরে আনুষ্ঠানিক নীরবতা বজায় রেখেছে ইসরায়েল। তবে দেশটির অস্ত্রভাণ্ডারে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একাধিক গবেষণা প্রতিষ্ঠান। একই সঙ্গে মজুত প্লুটোনিয়াম দিয়ে তাত্ত্বিকভাবে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা থাকতে পারে দেশটির।

ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রে সাম্প্রতিক বছরগুলোতে বড় ধরনের নির্মাণ ও সম্প্রসারণকাজের তথ্য সামনে আসার পর এ নিয়ে উদ্বেগ ও প্রশ্ন বেড়েছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলেও স্বচ্ছতার দাবি জোরালো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের (এফএএস) সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডারে আনুমানিক ৯০টি ওয়ারহেড রয়েছে। দেশটির পারমাণবিক অবকাঠামোয় বিনিয়োগ অব্যাহত থাকারও ইঙ্গিত পাওয়া গেছে গবেষণায়।

বিশেষ করে ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রের সম্প্রসারণ ও সেখানে চলমান নির্মাণকাজ গবেষকদের নজরে এসেছে। তবে স্যাটেলাইট চিত্রে দৃশ্যমান এসব কর্মকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে সতর্ক করেছেন তাঁরা।

যুক্তরাষ্ট্রের আরেক গবেষণা প্রতিষ্ঠান বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টসের প্রতিবেদনেও একই ধরনের তথ্য উঠে এসেছে। গত ১০ নভেম্বর প্রকাশিত ওই মূল্যায়নে ইসরায়েলের হাতে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড থাকার কথা বলা হয়েছে। পাঁচ বছর আগের হিসাবেও দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা একই রকম ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল এখনো প্লুটোনিয়াম মজুত করছে। দেশটির কাছে সর্বোচ্চ এক হাজার কেজি প্লুটোনিয়াম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, এই পরিমাণ প্লুটোনিয়াম দিয়ে তাত্ত্বিকভাবে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে এ সক্ষমতা নির্ভর করবে বোমার নকশা ও প্রযুক্তিগত কাঠামোর ওপর।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় প্রজন্মের একপর্যায়ের ফিশন-ইমপ্লোশন ওয়ারহেডে বুস্টেড পিট হিসেবে প্রতিটিতে ৪ থেকে ৫ কেজি প্লুটোনিয়াম ব্যবহার করা হলে এই হিসাব প্রযোজ্য হতে পারে।

এদিকে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) ২০২৬ সালের মূল্যায়নেও বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশের তালিকায় ইসরায়েলের নাম রয়েছে।

ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যেও স্বচ্ছতার দাবি জোরালো হচ্ছে। গত মে মাসে টেক্সাসের কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রোর নেতৃত্বে ৩০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি চিঠি দেন।

চিঠিতে মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে আরও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পর বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন তাঁরা।


তবে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির নীরব সমঝোতার ইতিহাস কয়েক দশকের পুরোনো। ধারণা করা হয়, ১৯৬৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেইরের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা হয়েছিল।

প্রকাশিত মার্কিন নথিপত্র অনুযায়ী, ইসরায়েল প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার না করার শর্তে যুক্তরাষ্ট্রও এ বিষয়ে প্রকাশ্যে চাপ সৃষ্টি করা থেকে বিরত থেকেছে।

ইসরায়েলের আনুষ্ঠানিক অবস্থান হলো, মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রবর্তনকারী প্রথম দেশ হবে না তারা। তবে দেশটি এখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর করেনি।

সব মিলিয়ে, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের প্রকৃত সংখ্যা, উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি তেল আবিব।

তথ্যসূত্র: দ্য জেরুজালেম পোস্ট ও দ্য টাইমস অব ইসরায়েল।

আরও পড়ুন