পারমাণবিক অস্ত্রের সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম
ছবি: রয়টার্স
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আধুনিক যুদ্ধের বাস্তবতায় বিভিন্ন সামরিক অভিযানে এসব অস্ত্র ব্যবহারের সক্ষমতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন কিম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণাকেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। তবে পরিদর্শন করা স্থাপনাগুলোর নাম ও অবস্থান প্রকাশ করেনি কেসিএনএ।
কিম জানান, উত্তর কোরিয়ার পারমাণবিক উপাদান উৎপাদনের সক্ষমতা পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে পারমাণবিক অস্ত্র উৎপাদনে অগ্রগতিকে দেশের পারমাণবিক নীতি বাস্তবায়নের বড় সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি।
উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো পরিবর্তন হবে না বলে জানান কিম। তাঁর ভাষ্য, উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি দেশের অবস্থান বদলাতে পারবে না।
২০২৩ সালে সংবিধানে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান অন্তর্ভুক্ত করে উত্তর কোরিয়া। এই মর্যাদা অস্বীকারের যেকোনো প্রচেষ্টাকে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করা হবে বলেও সতর্ক করেন কিম।
কৌশলগত পারমাণবিক অস্ত্রের বহুমুখী ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। কিমের মতে, আধুনিক যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্রের সামরিক গুরুত্ব এবং সীমান্তে প্রতিপক্ষ রাষ্ট্রের মুখোমুখি হওয়ার বাস্তবতা বিবেচনায় এ পদক্ষেপ জরুরি।
এদিকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনা বাড়ছে। গত ২১ সেপ্টেম্বর দুই দেশের মধ্যবর্তী ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। পরে দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের যৌথ তদন্তে দাবি করা হয়, এক বছরেরও বেশি সময় আগে উত্তর কোরিয়া ওই স্থলমাইন পুঁতেছিল। এ ঘটনায় অক্টোবরে পিয়ংইয়ংয়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায় সিউল।
তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে বিস্ফোরণের ঘটনাকে দক্ষিণ কোরিয়ার সাজানো বলে অভিযোগ করে উত্তর কোরিয়া। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটি পূর্ব উপকূল থেকে জাপান সাগরে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার হাতে বর্তমানে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এমন পরিস্থিতিতে কিমের নতুন বক্তব্য কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করেছে।
সূত্র: আল-জাজিরা
