EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

কপ-৩১-এ দেশভিত্তিক ন্যায্য জলবায়ু রূপান্তরের প্রস্তাব ভারতের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

কপ-৩১-এ দেশভিত্তিক ন্যায্য জলবায়ু রূপান্তরের প্রস্তাব ভারতের
অ অ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায্য রূপান্তরের (জাস্ট ট্রানজিশন) পথ কোনো দেশের ওপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া উচিত নয় বলে মনে করে ভারত। প্রতিটি দেশের নিজস্ব বাস্তবতা, অর্থনৈতিক সক্ষমতা ও উন্নয়ন অগ্রাধিকার অনুযায়ী এই রূপান্তরের পথ নির্ধারণের পক্ষে অবস্থান নিয়েছে দেশটি। তুরস্কের আন্তালিয়ায় চলমান আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ এ অবস্থান তুলে ধরেছে নয়াদিল্লি।

ভারতের মতে, ন্যায্য রূপান্তরকে শুধু জ্বালানির উৎস পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এর সঙ্গে মানুষের জীবিকা, সামাজিক সুরক্ষা, দারিদ্র্য দূরীকরণ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানির প্রাপ্যতা এবং জলবায়ু অভিযোজনের বিষয়গুলোও যুক্ত করতে হবে।

সম্মেলনে ভারত একটি দ্বিস্তরীয় ও অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর নেতৃত্বাধীন ন্যায্য রূপান্তর প্রক্রিয়ার পক্ষে যুক্তি তুলে ধরেছে। দেশটির বক্তব্য, তাপপ্রবাহ, বন্যা ও খরার মতো জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কর্মপরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ জরুরি। একই সঙ্গে শিল্প ও অবকাঠামো খাতের প্রবৃদ্ধিও নিশ্চিত করতে হবে।

নয়াদিল্লির মতে, প্রতিটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, জ্বালানি কাঠামো ও ঐতিহাসিক দায়বদ্ধতা এক নয়। ফলে সবার জন্য অভিন্ন বা একমুখী রূপান্তর কাঠামো কিংবা নতুন কোনো বাধ্যবাধকতা আরোপ করা বাস্তবসম্মত হবে না।

আলোচনায় ভারত সংযুক্ত আরব আমিরাত কর্মপরিকল্পনা (ইউএই ডায়ালগ) অব্যাহত রাখার পক্ষে অবস্থান জানিয়েছে। দেশটির প্রস্তাব, সংলাপ ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন প্রক্রিয়ার মাধ্যমে কারিগরি সহায়তা, সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতাকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে।

তবে ন্যায্য ও টেকসই রূপান্তর নিশ্চিত করতে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর সহায়তার ওপর জোর দিয়েছে ভারত। দেশটির মতে, প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তি সরবরাহ ছাড়া শুধু নিঃসরণ কমানোর চাপ তৈরি হলে দরিদ্র জনগোষ্ঠী ও কর্মজীবী মানুষের আয় এবং কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে। যা জলবায়ু ন্যায্যতার মূল চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

তাই জাতীয় সার্বভৌমত্ব ও উন্নয়ন চাহিদাকে গুরুত্ব দিয়ে দেশগুলোর নিজস্ব নেতৃত্বে জলবায়ু রূপান্তরের পথ নির্ধারণের পক্ষে অবস্থান নিয়েছে নয়াদিল্লি।

সূত্র: দ্য ডিপ্লোম্যাট

আরও পড়ুন