রোহিঙ্গাদের গণহত্যা করেছে মিয়ানমার, দোষী সাব্যস্ত
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
রোহিঙ্গা জনগোষ্ঠীদের গণহত্যা করেছে মিয়ানমার। দেশটিকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক ঐতিহাসিক রায়ে এ কথা জানিয়েছে আইসিজে। কোনো রাষ্ট্র গণহত্যার অপরাধ করেছে বলে আদালত এই প্রথম রায় দিল।
আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা করেছে মিয়ানমার। গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার সনদের অধীনে দেশটি তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
ইউজি ইওয়াসাওয়া বলেছেন, ‘বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে সৃষ্ট ক্ষতির জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য...যতক্ষণ না পূর্বাবস্থায় ফিরিয়ে আনার মাধ্যমে সেই ক্ষতি পূরণ করা হয়।’
মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বাধ্য বলে আইসিজে জানালেও সুনির্দিষ্ট কোনো পরিমাণ উল্লেখ করেননি। তবে ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘পূর্বাবস্থায় ফিরিয়ে আনার বিষয়টি ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যদিও ক্ষতিপূরণের পরিমাণ কিংবা পদ্ধতির প্রশ্নটি... বিচারপ্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা উচিত।’
আদালতের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী নির্বিচারে মানুষ হত্যা, পুরুষদের আলাদা করে হত্যা, যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে।
বিচারপতি ইওয়াসাওয়া বলেন, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক অভিযান শুরুর আগে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার বিষয়টিও আদালত বিবেচনায় নিয়েছে। ওই গোষ্ঠী নিরাপত্তা চৌকি ও বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছিল এবং গ্রামে আগুন দিয়েছিল।
২০১৯ সালে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে গাম্বিয়া এ মামলা করে। দেশটির অভিযোগ, ২০১৭ সালের অভিযানে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। মিয়ানমার এই অভিযোগ অস্বীকার করে বলে আসছে, আরসার হামলার জবাবে তারা অভিযান চালিয়েছিল।
