EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মিয়ানমারের বাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে: আইসিজে

আদালতের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপর চরম নির্যাতন করেছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

মিয়ানমারের বাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে: আইসিজে

কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে বড় পর্দায় আদালতের কার্যক্রম দেখতে জড়ো হয়েছেন বহু রোহিঙ্গা। ছবি : বিবিসি

অ অ

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানিয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠের সময় আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া এ তথ্য তুলে ধরেন।

আদালতের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপর চরম নির্যাতন করেছে। প্রাণ বাঁচাতে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়ও তাদের ওপর হামলা চালানো হয়েছিল বলে আদালত জানায়।

আদালতের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী নির্বিচারে মানুষ হত্যা, পুরুষদের আলাদা করে হত্যা, যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে।

বিচারপতি ইওয়াসাওয়া বলেন, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক অভিযান শুরুর আগে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার বিষয়টিও আদালত বিবেচনায় নিয়েছে। ওই গোষ্ঠী নিরাপত্তা চৌকি ও বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছিল এবং গ্রামে আগুন দিয়েছিল।

২০১৯ সালে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে গাম্বিয়া এ মামলা করে। দেশটির অভিযোগ, ২০১৭ সালের অভিযানে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। মিয়ানমার এই অভিযোগ অস্বীকার করে বলে আসছে, আরসার হামলার জবাবে তারা অভিযান চালিয়েছিল।

আরও পড়ুন