জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান, জীবিত ফেরা নিয়ে শঙ্কা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁর ও স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগের উচ্চ ঝুঁকির কথা জানিয়েছেন বলেও দাবি করেছেন তিনি।
আইনজীবী সালমান সফদরের প্রকাশ করা এক চিঠিতে ইমরান খান লিখেছেন, ৭৪ বছর বয়সে কারাগারের এই পরিস্থিতি তাঁকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরতে পারবেন না।
তবে পাকিস্তান সরকার তাঁর শারীরিক অবস্থা সন্তোষজনক বলে জানিয়েছে। সরকারের দাবি, চিকিৎসকেরা নিয়মিত তাঁকে পর্যবেক্ষণ করছেন।
ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে আছেন। গত বছর তাঁর স্ত্রী বুশরা বিবিকেও কারাবন্দি করা হয়। ইমরানের দাবি, দুর্নীতি ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
গত এক বছরে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়েছে। পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষ সময়মতো চিকিৎসার ব্যবস্থা না করায় ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই হারিয়েছেন তিনি।
চিঠিতে ইমরান খান দাবি করেন, চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তাঁর হৃদপিণ্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। ইমরানের দাবি, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা ছিঁড়ে যায়। পরে গোপনে তাঁর অস্ত্রোপচার করা হয়। আবার অস্ত্রোপচার না করলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান।
কারাগারে নিজের অবস্থার বর্ণনা দিয়ে ইমরান খান বলেন, তাঁকে দিনে প্রায় ২২ ঘণ্টা নির্জন কারাবাসে রাখা হয়। পরিবারের সঙ্গে দেখা, বই পড়া ও টেলিভিশন দেখার সুযোগও দেওয়া হচ্ছে না। এতে তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়ছে বলে দাবি করেন তিনি। গত এক বছরে আইনজীবীদের সঙ্গে মাত্র চারবার দেখা করার সুযোগ পেয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করেন।
চিঠিতে তিনি আরও লেখেন, ‘আমি অসংখ্য মামলায় কঠিন আইনি লড়াই করেছি এবং থেমে যাইনি। কিন্তু রাষ্ট্র আমাকে ন্যায়বিচার দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি বেঁচে থাকলেই শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারব।’
তবে ইমরান খানের এসব অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। তাঁর দাবি, কারাগারে ইমরান খান নিজের পছন্দমতো খাবারসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা পাচ্ছেন। তিনি বর্তমানে দেশের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাওয়া বন্দি বলেও মন্তব্য করেন মন্ত্রী।
সরকার আরও জানিয়েছে, চোখের চিকিৎসার জন্য এক সপ্তাহ আগে ইমরান খানকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে নেওয়া হয়েছিল। এর আগে ১০ ও ১১ নভেম্বরের মধ্যবর্তী রাতেও তাঁকে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য সেখানে নেওয়া হয়।
পিমস কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, পরীক্ষার পর ইমরান খানের শারীরিক অবস্থা স্থিতিশীল পাওয়া যায়। সাধারণ স্বাস্থ্য পরীক্ষার ফলও স্বাভাবিক ছিল। তাঁর সম্মতিতে চক্ষু বিশেষজ্ঞদের একটি দল চোখে ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন প্রয়োগ করে।
ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে তিনি দেশটির জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন।
২০২৩ সালের মে মাসে তাঁর গ্রেপ্তারকে কেন্দ্র করে পাকিস্তানে ব্যাপক সহিংস বিক্ষোভ হয়। লাহোরে এক সেনা কর্মকর্তার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। ওই বিক্ষোভে অন্তত আটজন নিহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
কারাগারে থাকলেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের প্রভাব রয়েছে। গত অক্টোবরে তাঁর মুক্তির দাবিতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কয়েক দিন ধরে বিক্ষোভ করেন হাজারো সমর্থক। পরে সরকার কঠোর অভিযান চালায় এবং ইমরানের দল পিটিআইয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওই প্রদেশে জরুরি অবস্থা জারি করে।
ইমরান খানকে যথাযথ চিকিৎসা দেওয়ার অনুরোধ জানিয়ে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে একাধিকবার আবেদন করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক অধিনায়কেরা।
সূত্র: বিবিসি


