EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

চার দিনের সংঘাতের পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

চার দিনের সংঘাতের পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী
অ অ

দীর্ঘদিনের বৈরী সম্পর্কের মধ্যে বিরল এক সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। আগামী সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) একটি আঞ্চলিক সম্মেলনে অংশ নেবেন তিনি। গত বছর ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর এটিই হতে যাচ্ছে পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রীর প্রথম ভারত সফর।

শনিবার (১৪ নভেম্বর)) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এসসিওর সভ্যতাবিষয়ক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মুসাদিক মাসুদ মালিক।

এর আগে ২০২৩ সালের মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত এসসিওর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এরপর এবারই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে যাচ্ছেন।

পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বিরাজ করছে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর কাশ্মীর অঞ্চল নিয়ে একাধিকবার যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ডের মালিকানা দাবি করে আসছে উভয় দেশ।

গত বছরের মে মাসে কাশ্মীরে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় হিন্দু ধর্মাবলম্বীসহ দুই ডজনের বেশি পর্যটক নিহত হওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে ভারত। তবে অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ।

এরপর দুই দেশ পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ নেয়। একপর্যায়ে উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলা ব্যবহার করে চার দিন ধরে চলে দুই দেশের লড়াই। এতে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এসসিওর কাঠামোর মধ্যে বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতিতে অটল রয়েছে ইসলামাবাদ।

আরও পড়ুন