EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

অভিশংসন প্রস্তাবকে ‘প্রহসন’ বললেন পিট হেগসেথ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

অভিশংসন প্রস্তাবকে ‘প্রহসন’ বললেন পিট হেগসেথ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার বিরুদ্ধে কংগ্রেসে আনা অভিশংসন প্রস্তাবকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এ ধরনের উদ্যোগ কংগ্রেসের মূল্যবান সময় নষ্ট করছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, অসন্তুষ্ট ও পরাজিত একজন কংগ্রেস সদস্যের এই উদ্যোগ জবাবদিহি নিশ্চিত করার জন্য নয়। এর পেছনে ব্যক্তিগত অহংবোধ ও ক্ষোভ কাজ করছে।

রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি সোমবার প্রতিনিধি পরিষদে হেগসেথের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন। তার অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ৯০ দিনের বেশি সময় ধরে ইরানে সামরিক সংঘাতে জড়িয়ে আইন ভঙ্গ করেছেন হেগসেথ।

এই প্রস্তাবের সমালোচনা করে হেগসেথ বলেন, এটি একটি প্রহসন ও লোক দেখানো উদ্যোগ। বৈধ সামরিক অভিযান পরিচালনার কারণে এর আগে কোনো প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের মুখে পড়তে হয়নি বলেও দাবি করেন তিনি। 

২০১৯ ও ২০২১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবের প্রসঙ্গ টেনে হেগসেথ বলেন, ‘আমরা আগেও এই নাটক দেখেছি। এবারও এই উদ্যোগ ব্যর্থ হবে।’

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানগুলোর বৈধতা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। হেগসেথ বলেন, প্রতিটি অভিযানই বৈধ ছিল। আমেরিকার নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে ইরানে সামরিক পদক্ষেপ নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল।

এ ছাড়া ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানেরও প্রশংসা করেন হেগসেথ। তিনি বলেন, মাদুরোকে অপহরণ করা হয়নি; বরং যুক্তরাষ্ট্রের সেরা সেনারা তাকে বিচারের মুখোমুখি করেছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, অভিশংসনের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত রাখতে তিনি ক্যাপিটল হিলে আইনপ্রণেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন কি না।

জবাবে হেগসেথ বলেন, প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্যদের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে। তাদের কাছ থেকে তিনি ব্যাপক সমর্থন পাচ্ছেন।

সূত্র: বিবিসি

আরও পড়ুন