মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব তুলেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি। সংসদের অনুমোদন ছাড়া ইরানে ৯০ দিনের বেশি সময় ধরে সামরিক সংঘাতে জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার প্রতিনিধি পরিষদে এ প্রস্তাব উত্থাপন করেন তিনি।
ম্যাসির অভিযোগ, ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে হেগসেথ আইন ভঙ্গ করেছেন। যুদ্ধ শুরুর পর থেকেই ট্রাম্প প্রশাসনের এ সামরিক অভিযানের সমালোচনা করে আসছেন তিনি।
প্রস্তাবটি উত্থাপনের ফলে প্রতিনিধি পরিষদে এটি বিবেচনার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা শুরু হয়েছে। এ সময়ের মধ্যে আইনপ্রণেতারা সরাসরি ভোট দিতে পারবেন, কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারবেন অথবা প্রস্তাবটি বাতিল করতে পারবেন।
তবে প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব পাস করতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বর্তমানে সেখানে রিপাবলিকানদের ২১৮টি এবং ডেমোক্র্যাটদের ২১৪টি আসন রয়েছে। ফলে প্রস্তাবটি পাস করতে কিছু রিপাবলিকান সদস্যের সমর্থনও প্রয়োজন হতে পারে।
প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস হলেও হেগসেথকে পদ থেকে সরানো সহজ হবে না। এ জন্য সিনেটে দুই-তৃতীয়াংশ বা ৬৭টি ভোটে তাঁকে দোষী সাব্যস্ত করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি হেগসেথের পাশে থাকবেন। অন্যদিকে সম্ভাব্য অভিশংসন নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নিজেও।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুজন মন্ত্রিসভার সদস্য অভিশংসিত হয়েছেন। এ ছাড়া তিন প্রেসিডেন্ট—অ্যান্ড্রু জনসন, বিল ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প অভিশংসিত হয়েছেন। ট্রাম্প দুইবার অভিশংসিত হলেও সিনেটে দোষী সাব্যস্ত না হওয়ায় তাঁদের কেউই পদ থেকে অপসারিত হননি।
সূত্র: বিবিসি