হরমুজ ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম
ছবি: সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চল থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। একই সময়ে প্রণালির মধ্যে অবস্থিত দেশটির কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া জাস্ক ও বন্দর আব্বাস শহরেও বিস্ফোরণের খবর জানিয়েছে ইরানের সংবাদমাধ্যমগুলো।
সোমবার (৯ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক এলাকা থেকে হরমুজ প্রণালির দিকে তিনটি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। তবে এগুলো কী ধরনের অস্ত্র, কোথায় লক্ষ্য করে ছোড়া হয়েছে কিংবা কোনো স্থানে আঘাত হেনেছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের কারণও এখনো স্পষ্ট নয়। এসব ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি ইরানি কর্তৃপক্ষ।
এদিকে, ইরানের সংবাদমাধ্যমগুলো জাস্ক ও বন্দর আব্বাস শহরেও বিস্ফোরণের খবর প্রকাশ করেছে। এসব বিস্ফোরণের সঙ্গে দেশটির সামরিক তৎপরতার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ রুট হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যেই এসব ঘটনার খবর সামনে এলো। বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহণ করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনো ধরনের সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে।
তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনাগুলোর প্রকৃত কারণ, সম্ভাব্য লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
