EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানি নেতাদের হত্যা নিয়ে ‘বাড়াবাড়ি’ হয়েছে, স্বীকারোক্তি ট্রাম্পের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ এএম

ইরানি নেতাদের হত্যা নিয়ে ‘বাড়াবাড়ি’ হয়েছে, স্বীকারোক্তি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

অ অ

ইরানে হামলার সময় দেশটির নেতাদের হত্যার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘একটু বেশিই বাড়াবাড়ি’ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে ইরানে সামরিক অভিযান চালানোর পক্ষে সাফাই গেয়ে তিনি দাবি করেছেন, যুদ্ধ শুরু করেছে ইরান, যুক্তরাষ্ট্র নয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা চলার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির বেশ কয়েকজন উচ্চপদস্থ নেতা ও সামরিক কমান্ডার নিহত হন। এসব হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেছেন, ইরানি নেতাদের হত্যার ক্ষেত্রে তারা সম্ভবত একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন।

স্থানীয় সময় রবিবার (১ নভেম্বর) আইওয়া অঙ্গরাজ্যের ডুবুকিউতে এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী ধ্বংস করে দিয়েছে। তাদের বিমান প্রতিরক্ষা রাডারও ধ্বংস করেছে এবং নেতাদের হত্যা করেছে। তবে তাদের নেতাদের নিয়ে আমরা সম্ভবত একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। এ নিয়ে কেউ কথা বলে না।’

জনসভায় ইরানে হামলার পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র নয়, ইরানই যুদ্ধ শুরু করেছে। তিনি বলেন, ‘বিশ্বে সন্ত্রাসবাদের এক নম্বর পৃষ্ঠপোষক দেশটির হাত থেকে আমি আমাদের দেশকে রক্ষা করেছি।’

ট্রাম্প আরও বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালিয়ে আসছে। ২০০০ সালে ইয়েমেনের এডেন উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কোল-এ হামলার জন্যও তিনি ইরানকে দায়ী করেন। যদিও ওই হামলার দায় স্বীকার করেছিল আল-কায়েদা।


এ ছাড়া ইরাকে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে মার্কিন সেনাদের মৃত্যুর জন্যও ইরানকে দায়ী করেন ট্রাম্প। এসব হামলার প্রতিশোধ হিসেবে ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার কথা উল্লেখ করেন তিনি। সোলাইমানিকে ‘রাস্তার পাশের বোমার জনক’ বলেও অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট।

২০২০ সালে ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। ওই সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।

ইরান আগে থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে দাবি করে ট্রাম্প বলেন, ‘তারা এ যুদ্ধ শুরু করেছে। আমরা শুরু করিনি। আমরা যুদ্ধটি শেষ করছি। আমরা তাদের খুব শোচনীয়ভাবে হারাচ্ছি।’

আরও পড়ুন