ট্রাম্পের অবকাশকেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৬ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগোর কাছেই বিধ্বস্ত হয়েছে একটি ছোট ব্যবসায়িক বিমান। এতে বিমানটির ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। রবিবার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ক্রেস্টহেভেন এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনাস্থলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ৯ মাইল (১৪ কিলোমিটার) দূরে। মার-আ-লাগো ফ্লোরিডার পাম বিচ কাউন্টির অভিজাত এলাকায় অবস্থিত।
দুর্ঘটনাস্থলের ছবিতে আবাসিক এলাকার একটি সড়কে বড় গর্ত ও আগুনের চিহ্ন দেখা গেছে। বিমানটির ভাঙা অংশ, কংক্রিটের টুকরা ও অন্যান্য ধ্বংসাবশেষ সড়কজুড়ে ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করেছিল। এর গন্তব্য ছিল বাহামা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন ও বিমানটির গতিপথ বিশ্লেষণে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট নিচে নামছিল।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুর্ঘটনার মুহূর্ত দেখা গেছে বলে দাবি করা হলেও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটিতে গাড়ির ড্যাশবোর্ডে থাকা ক্যামেরায় ধারণ করা দৃশ্যে দেখা যায়, আবাসিক এলাকার একটি সড়ক দিয়ে গাড়ি চলার সময় হঠাৎ একটি বিমান প্রায় খাড়াভাবে নিচে নেমে মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই সেখানে আগুনের বিশাল গোলা তৈরি হয়।
দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে, চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।’
বিমানটিতে কারা ছিলেন, তা এখনো জানা যায়নি। তবে গভর্নর ডিস্যান্টিস জানান, দুর্ঘটনায় মাটিতে থাকা কারও নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি এ দুর্ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে এফএএ ঘটনাস্থলে একটি তদন্ত দল পাঠাচ্ছে।
সূত্র: বিবিসি